মৃত্যুর তালিকায় আরও ২০ জন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৫১ পিএম, ৩ অক্টোবর ২০২০ শনিবার
পুরোনো ছবি
করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ২০ জন মারা গেছেন। গত ৪ মাসের বেশি সময়ের মধ্যে ২৪ ঘণ্টায় এটিই সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা। এর আগে গত ২৮ মে একদিনে সবচেয়ে কম মৃত্যু হয়েছিল ১৫ জনের।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ৯ হাজার ৩১২টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ৯ হাজার ৫৫৪টি।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ১৮২জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৬৭ হাজার ৫৬৫ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৯ হাজার ৮০৫টি। ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ২০ জন। এই ২০ জনের মধ্যে হাসপাতালে ১৭ জন ও বাড়িতে তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৩২৫ জনে। নতুন করে সুস্থ হয়েছে ১ হাজার ৪৪২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৮০ হাজার ৬৯ জনে।
প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।
