করোনায় প্রাণ গেল আরও ২৩ জনের
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:০৭ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪৮ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৬৮ হাজার ৪৯০ জনের।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে নয় হাজার ৭৩৯টি নমুনা সংগ্রহ ও নয় হাজার ৮৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৪১ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৫৩ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৬ দশমিক ৩৯ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৬৫৬ জন। মারা যাওয়া ২৩ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৬ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ২২ জন, বাড়িতে ১ জন।
বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৭ জন, চট্টগ্রামে ১ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ১ জন, সিলেটে ১ জন, রংপুরে ২ জন রয়েছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে ১১ থেকে ২০ বছরের ১ জন, ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬০ বছরের ওপরে ১২ জন রয়েছেন।
-জেডসি
