ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৭:৪৩:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে করোনায় আরও ২০ মৃত‌্যু, শনাক্ত ১৪৪১

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ৮ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই নিয়ে করোনায় মোট মৃত‌্যুর সংখ‌্যা দাঁড়ালো ৫ হাজার ৪৬০ জনে।একই সময়ে আরও ১ হাজার ৪৪১ জন কোভিড ১৯-এ শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৪ হাজার ৫৯২ জন।

বৃহস্পতিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ১২ হাজার ৫৭২টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৬০৫টি নমুনা পরীক্ষা করা হয়। এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৪১৩টি।২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৪৩ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৩৭ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৬ দশমিক ৯৭ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩ ও নারী ৭ জন। এই পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ২১৩ (৭৭ দশমিক ১৬ শতাংশ) ও নারী এক হাজার ২৪৭ জন (২২ দশমিক ৮৪ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২০ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব ১১ জন।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২০ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে চারজন, রাজশাহীতে দুজন, রংপুর দুজন এবং ময়মনসিংহে একজন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮৫ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৮৮ হাজার ৩১৬ জনে।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার। এখন দেশে সংক্রমণের সপ্তম মাস চলছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে পঞ্চদশ স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ২৯তম অবস্থানে।

-জেডসি