দেশে করোনায় আরও ২৩ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ১০ অক্টোবর ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ২৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫ হাজার ৫০০ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছন ১২০৩ জন।এই নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জন।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ১০৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮৫৯টি। এনিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২০ লাখ ৬১ হাজার ৫২৮টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ০৮ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ২৯ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৭ দশমিক ২৭ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৫ ও নারী ৮ জন। ২৩ জনের সবাই হাসপাতালে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৪৫৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জন হয়েছে।
এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ২৩৭ (৭৭ দশমিক শূন্য ৪ শতাংশ) ও নারী এক হাজার ২৬৩ জন (২২ দশমিক ৯৬ শতাংশ)।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৩ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব ১৬ জন।
বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন ও চট্টগ্রামে চারজন রয়েছেন।
-জেডসি
