ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৪:৩৭:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অবশেষে দখলমুক্ত হল সুচিত্রা সেনের পাবনার বাড়িটি

প্রকাশিত : ০৩:১০ পিএম, ১৭ জুলাই ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ০৩:১২ পিএম, ১৭ জুলাই ২০১৪ বৃহস্পতিবার

সুচিত্রা-সেনের-পৈত্রিক-বাড়ি-দখল-করে-গড়ে-ওঠা-প্রতিষ্ঠানস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : অবশেষে দখলমুক্ত হল বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী মহা-নায়িকা প্রয়াত সুচিত্রা সেনের পাবনার পৈত্রিক বাড়িটি। আনুষ্ঠানিকভাবে বাড়িটি বুঝে নিয়েছে পাবনা জেলা প্রশাসন। ঐতিহাসিক এই বাড়িটি  এতদিন  জামায়াত নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান ইমাম গাজ্জালী ইনস্টিটিউটের দখলে ছিল। বাড়িটি দখলমুক্ত করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বসাধারণের অবগতির জন্য ওই বাড়িতে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে। উচ্চ আদালতের রায়ে আজ সকালে জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন আনুষ্ঠানিকভাবে  বাড়িটি  বুঝে নেন। এ সময় পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, সূচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ডা. রাম দুলাল ভৌমিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, বিশিষ্ট সাংবাদিক রণেশ মৈত্র, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ উল হক রানা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন ঠাকুর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম বেনজামিন রিয়াজী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজমল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) মুন্সি মো. মনিরুজ্জামান, রেভিনিউ ডেপুটি  কালেক্টর (আরডিসি) জসিম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা রিনিসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং পাবনার সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন বলেন, উচ্চ আদালতের নির্দেশে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতি বিজড়িত বাড়িটি সরকারের নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। বাড়িটি এখন সম্পূর্ণ দখলমুক্ত। সূচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ডা. রাম দুলাল ভৌমিক বলেন, সুচিত্রা সেনের বাড়িটি দখলমুক্ত হওয়ায় আমরা অত্যন্ত খুশি। আমাদের আন্দোলন সফল হয়েছে। সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত বাড়িতে একটি আন্তর্জাতিক মানের আর্কাইভ গড়ে তোলার চেষ্টা করা হবে। এ ব্যাপারে ইমাম গাজ্জালী ইনস্টিটিউট ট্রাষ্টের সেক্রেটারী আবিদ হাসান দুলাল বলেন, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এজন্য উচ্চতর আদালতের রায় মেনে নিয়ে বাড়িটির দখলসত্ত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। উল্লেখ্য যে, ১৯৮৭ সালে জামায়াত নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান ইমাম গাজ্জালী’র নামে নাম মাত্র মূল্যে লীজ নিয়ে বাড়িটি দখল করা হয়। ১৭.০৭.২০১৪