ধর্ষণে মৃত্যুদণ্ডের প্রস্তাব মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর খসড়ায় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ সোমবার (১২ অক্টোবর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। আগামীকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) এ বিষয়ে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। দেশে সাম্প্রতিক সময়ে কয়েকটি ধর্ষণের ঘটনার পর ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে শাহবাগ, মতিঝিলসহ রাজধানীর কয়েকটি স্থানে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলন করছে। দেশের বিভিন্ন স্থানেও একই দাবিতে আন্দোলন হচ্ছে। এর মধ্যে সরকার ধর্ষণের শাস্তি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে।
আন্দোলনকারী বিভিন্ন ছাত্র ও অধিকার সংগঠনের দাবির প্রেক্ষিতে সরকার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করার উদ্যোগ নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার উদ্যোগ নেয়ার কথা জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, যা আজকের মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেয়া হয়। এছাড়া সংশ্লিষ্ট আরও কিছু পরিবর্তনের প্রস্তাব রয়েছে সংশোধিত খসড়ায়।
জানা যায়, সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০' এর সংশোধিত খসড়া প্রস্তাব উত্থাপন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এরপর মন্ত্রিসভায় সেটিতে সায় দেয়।
-জেডসি
