কোভিড-১৯: দেশে আরও ২২ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:০১ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ২২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫ হাজার ৫৭৭ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৩৭ জন।এই নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮১ হাজার ২৭৫ জন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৯টি ল্যাবে ১৩ হাজার ৮১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২০ লাখ ৯৮ হাজার ৩৭টি নমুনা।২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ১৩ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৮ দশমিক ১৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৬০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৮২ জন রোগী এবং মোট সুস্থ ২ লাখ ৯৫ হাজার ৮৭৩ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী পাঁচজন। তারা সবাই হাসপাতালে মারা যান।এছাড়া এই পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ২৯২ জন (৭৬ দশমিক ৯৬ শতাংশ) ও নারী এক হাজার ২৮৫ জন (২৩ দশমিক ০৪ শতাংশ)।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২২ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব তিনজন ও ষাটোর্ধ্ব ১৪ জন। বিভাগ অনুযায়ী মৃতের সংখ্যা ঢাকা বিভাগের ১৫ জন, চট্টগ্রামের পাঁচজন ও রংপুর বিভাগের দুইজন।
-জেডসি
