ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ০:১৯:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শরীয়তপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা

শরীয়তপুর প্রতিনিধি

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত :

শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা গ্রামে রিমা আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। 

রিমা পশ্চিম নাওডোবা গ্রামের ইলিয়াস চোকদারের মেয়ে। সে স্থানীয় নাওডোবাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ত। 

জাজিরা থানার পুলিশ বুধবার রাতে নিহতের বাড়ির পাশের একটি খালি ভিটা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্বৃত্তরা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে। 

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে জাজিরা থানায় মামলার প্রস্তুতি চলছে। 

স্থানীয় লোকজন, জাজিরা থানা ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে রিমা আক্তার নিখোঁজ হয়। এরপর রাতে বিভিন্ন স্থানে ও আত্মীয়-স্বজনদের বাড়ি খোঁজ করেও রিমার কোনো সন্ধান মিলেনি। বুধবার রিমার বাবা ইলিয়াস চোকদার জাজিরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর জাজিরা থানা পুলিশ বাড়ির পাশের একটি পরিত্যক্ত খালি ভিটা থেকে রিমার লাশ উদ্ধার করে।

এ সময় মরদেহে কোনো কাপড় ছিল না। বুকে ছিল আঘাতের চিহ্ন। শরীরে দুটি ধারালো অস্ত্রের কোপের দাগ ও পেটকাটা অবস্থায় ছিল। মেয়ের লাশ দেখে বাবা ইলিয়াস চোকদার ও মা নারগিছ আক্তার অচেতন হয়ে পড়েন।

রিমার ফুপু সাবিনা আক্তার বলেন, ‘আমরা এই হত্যার বিচার চাই।’

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক তথ্য জানা যাবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।