ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৪:৩৯:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঈদ সামনে রেখে রাজধানীতে চলছে তাঁতমেলা

প্রকাশিত : ১১:০৯ এএম, ১৮ জুলাই ২০১৪ শুক্রবার | আপডেট: ১১:৩৪ এএম, ১৮ জুলাই ২০১৪ শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট,  উইমেননিউজ২৪.কম, ঢাকা: ঈদকে সামনে রেখে রাজধানীর একাধিক এলাকায় চলছে তাঁতমেলা। বাংলাদেশ তাঁত বোর্ড, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব), জামদানী ও হস্তশিল্প উন্নয়ন সোসাইটি নগরীর বিভিন্ন এলাকায় এই মেলাগুলোর আয়োজন করেছে। দেশীয় পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ তৈরি করতেই মূলত প্রতিবছর এসব তাঁতমেলার আয়োজন করা হয়। রাজধানীর বিভিন্ন তাঁতমেলা সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভিন্ন রুচিও বিভিন্ন মাত্রার ক্রয়ক্ষমতার মানুষের চাহিদার কথা মাথায় রেখে সাজানো হয়েছে মেলার স্টলগুলো। দেশীয় কৃষ্টি ও ঐতিহ্যকে  উপস্থাপনের জন্য ঈদ উৎসবের রঙ, আমেজ, নকশা ও কারুকাজে সমৃদ্ধ করা হয়েছে মেলায় আগত দেশীয় তাঁত ও বস্ত্রশিল্পের প্রতিটি পণ্যকে। এসব মেলায় সব বয়সী ক্রেতাদের জন্য বাহারি রঙ ও ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, থ্রি-পিস, টু-পিস, গৃহসাজের পণ্য পাওয়া যাচ্ছে। রয়েছে বেড শিট, বেড কভার, কুশন কভার, বিভিন্ন রং ও ডিজাইনের পর্দা। মেলাগুলোতে ক্রেতারা আরও পাচ্ছেন হস্তশিল্প, টাঙ্গাইল, তাঁতের শাড়ি, পাবনা, মনিপুরি, কুমিল্লা, রাঙ্গামাটির শাড়ি এবং গ্রামীণ চেকের সমাহার। শুধু শাড়ি নয়, তাঁতের সালোয়ার-কামিজ, ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, বাচ্চাদের রকমারি পোশাকসহ আছে বেশকিছু তৈজসপত্রের দোকান। মেলায় বিক্রেতারা জানান, মেলায় বেচাবিক্রি ভালো। ঈদ যতই ঘনিয়ে আসছে মেলায় ক্রেতা সমাগম বাড়ছে। তবে এখানে মধ্যবিত্ত ক্রেতারাই বেশি আসেন বলে তারা জানান। টাঙ্গাইল তাঁত শাড়ি কুটিরে পাওয়া যাচ্ছে সুতি জামদানি শাড়ি, দাম ২ থেকে ৫ হাজার টাকায়। দেশীয় তাঁতের শাড়ি পাওয়া যাচ্ছে ৪৫০ থেকে ৮০০ টাকায়। প্রিন্টের শাড়ি ২৫০ থেকে ৫৫০ টাকায়। ৪০০ থেকে ৮০০ টাকার দামের ক্রেতাই বেশি। এই স্টলের বিক্রেতারা জানান, প্রতিদিনই মেলায় ভিড় বাড়ছে। তারা আশা করছেন, দুয়েকদিন পর এ ভিড় আরো অনেক বেশি বাড়বে। মানিকমিয়া এভিনিউতে এই মেলা শুরু হয়েছে গত ৭ আগস্ট। চলবে চাঁদ রাত পর্যন্ত। মেলায় স্টল রয়েছে ৭০টি। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকছে। রাজধানীর শান্তিনগর চৌরাস্তার সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে জমে উঠেছে জামদানী ও হস্তশিল্প মেলা। বেইলী রোডের কাছে হওয়ায় প্রতিদিনই জামদানী প্রেমি নারীদের আগমনে মুখরিত হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ। এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রঙ ও কারুকাজ করা মিরপুর, গেন্ডারিয়া ও রূপগঞ্জের তৈরি বিখ্যাত জামদানী শাড়ি। বিভিন্ন স্টলে মনোলোভা এই শাড়িগুলো বিক্রি হচ্ছে আড়াই হাজার থেকে ২৫ হাজার টাকায়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্রেতার জন্য এই মেলা খোলা থাকছে। ১৮.০৭.২০১৪