করোনায় আরও ১৪ মৃত্যু, শনাক্ত ১২৭৪
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ১৮ অক্টোবর ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ১৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫ হাজার ৬৬০ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৭৪ জন।এই নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জন।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১০টি ল্যাবে ১১ হাজার ৮৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত পরীক্ষা হয়েছে ২১ লাখ ৬৩ হাজার ৫৬৮টি নমুনা।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৭৪ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ৯৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৮ দশমিক ২৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ১ হাজার ৬৭৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৩ হাজার ৯৭২ জন হয়েছে।
এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৩৫৭ জন (৭৬ দশমিক ৯৮ শতাংশ) ও নারী এক হাজার ৩০৩ জন (২৩ দশমিক ০২ শতাংশ)।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৪ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব তিনজন ও ষাটোর্ধ্ব ১০ জন। বিভাগওয়ারী মৃতের সংখ্যা হলো- ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রামে একজন, রাজশাহীতে দুইজন, খুলনায় দুইজন, বরিশালে একজন, সিলেট একজন ও ময়মনসিংহ বিভাগে একজন।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে সপ্তদশ স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩১তম অবস্থানে।
-জেডসি
