ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৪:৩৯:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আগুন নিয়ে খেলবেন না : মমতা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত :

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘অস্ত্র নিয়ে মিছিলের অনুমতি দেওয়া হবে না, এটি বে-আইনি। আইনের কোনো লঙ্ঘন হলে তা কঠোর হাতে দমন করা হবে। আগুন নিয়ে খেলবেন না।’ দুর্গা পূজা উপলক্ষে বিজয়া দশমীর দিন পশ্চিমবঙ্গে অস্ত্র মিছিলের যে ঘোষণা দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ, তারই পরিপ্রেক্ষিতে এই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মমতা।

শনিবার রাজ্যের সচিবলায় নবান্নে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বাজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের কিছু লোক- তারা যদি চিন্তা করেন রাজ্যের শান্তি ছিনিয়ে নেবেন এবং বাংলার সংস্কৃতিকে আঘাত করবেন, তাহলে তাদের পরিষ্কার ভাষায় বলব, আগুন নিয়ে খেলবেন না। আপনারা ভালো হোন এবং পূজা উদযাপন করুন।’



এ সময় মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন রাজ্য পুলিশের প্রধান সুরজিৎ কর পুরকায়স্থ। তিনিও বলেন, অস্ত্র মিছিলের অনুমতি দেওয়া হবে না।

এর আগে মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা দিয়েছিলেন, মহররমের দিন দুর্গা প্রতিমা বিসর্জন বন্ধ থাকবে। পরের দিন থেকে আবার বিসর্জন দেওয়া হবে। সমস্যাটা মূলত সেখান থেকেই শুরু। মমতার এমন সিদ্ধান্ত মানতে পারছেন না হিন্দু পরিষদের নেতারা।


এবার বিজয়া দশমী ৩০ সেপ্টেম্বর এবং মহররম ১ অক্টোবর। রাজ্যের মানুষকে যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালনের সুযোগ দিতে মহররমের দিন প্রতিমা বিসর্জন বন্ধ রাখার সিদ্ধান্ত নেন মমতা। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ জানায় রাজ্যের বিজেপি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও বিশ্ব হিন্দু পরিষদ।