দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ৩০ অক্টোবর ২০২০ শুক্রবার
দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে
দেশে করোনাভাইরাস শনাক্তের ২৩৭তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে মৃত্যু ও সংক্রমণের হার কমেছে। পাশাপাশি বেড়েছে সুস্থতার হার। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৯ জন মৃত্যুবরণ করেছেন। গতকাল বৃহস্পতিবারের চেয়ে আজ ৬ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ২৫ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৯০৫ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। গত ২৬ অক্টোবর থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৪২২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ২২ হাজার ৭০৩ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৪১ শতাংশ। আগের দিন এই হার ছিল ৭৯ দশমিক ৩৮ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ১৪১ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৬০৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৭৭ জন কম শনাক্ত হয়েছে। গতকাল ১৪ হাজার ২৬৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৬৮১ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৩৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ১১ দশমিক ৭৮ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার শূন্য দশমিক ৪৪ শতাংশ কম।
দেশে এ পর্যন্ত মোট ২৩ লাখ ২৪ হাজার ৭৩০ জনের নমুনা পরীক্ষায় ৪ লাখ ৬ হাজার ৩৬৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৪৮ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৭ দশমিক ৫২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৩৩১ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৪ হাজার ৪৮ জনের। গতকালের চেয়ে আজ ২৮৩টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ১১২টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১৪১ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৪ হাজার ২৬৮ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১২৭টি কম নমুনা পরীক্ষা হয়েছে।
