নির্বাচনের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত হাজার ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ৬ নভেম্বর ২০২০ শুক্রবার
নির্বাচনের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত হাজার ছাড়াল
যুক্তরাষ্ট্রে নির্বাচনমুখর পরিবেশের মধ্যেই করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণের হার বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ১৮৭ জন মারা গেছেন। এর পাশাপাশি এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২১ হাজারের বেশি জন। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত এই সংখ্যক মানুষ মৃত ও আক্রান্ত হয়েছে বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে উঠে এসেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, এটি যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড। এর আগের দিন দেশটিতে নতুন করে ৯৯ হাজার ৬৬০ জনের করোনা সংক্রমণ ধরা পড়ে।
যুক্তরাষ্ট্রে অক্টোবরের মাঝামাঝি থেকেই নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করে। এর মধ্যেই দেশটিতে চলতি মাসের ৩ তারিখ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে বিভিন্ন ভোটকেন্দ্রে লোকজনের ভিড় এড়াতে বেশিরভাগ মানুষই আগাম ভোট দিয়েছেন। দেশটিতে ১০ কোটির বেশি মানুষ মেইলের মাধ্যমে বা নিজে উপস্থিত থেকে আগাম ভোট দিয়েছেন।যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৯৬ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ২ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ।
