ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩২:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্বামী-স্ত্রী সেজে হোটেলে: পরদিন মিলল নারীর লাশ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫২ পিএম, ৬ নভেম্বর ২০২০ শুক্রবার

স্বামী-স্ত্রী সেজে হোটেলে: পরদিন মিলল নারীর লাশ

স্বামী-স্ত্রী সেজে হোটেলে: পরদিন মিলল নারীর লাশ

রংপুর নগরীর স্টেশন এলাকার বসুন্ধরা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে আজ শুক্রবার দুপুরে আরজিনা খাতুন (৩০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে এক দম্পতি বসুন্ধরা আবাসিক হোটেলে যান। তারা নিজেদের নাম সাইফুল ইসলাম ও আরজিনা খাতুন (৩০) এবং ঠিকানা দিনাজপুর জেলার বিরল উপজেলার ফারাক্কা বাঁধ এলাকায় বলে জানায়। আজ সকালে সাইফুল  ইসলাম রুমের বাইরে তালা লাগিয়ে বের হয়ে যান।

এরপর তিনি আর হোটেলে ফিরে আসেননি। বেলা ১২টার পর হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা রুমের দরজায় কড়া নাড়ানাড়ি করলেও কোনো সাড়াশব্দ না পেয়ে পেছনের ভেন্টিলেটর দিয়ে বিছানায় ওই নারীকে মৃত অবস্থায় পড়ে থাকেতে দেখেন। পরে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ তালা ভেঙে লাশ উদ্ধার করে। খবর পেয়ে সিআইডি পুলিশ ও পিবিআই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে প্রকৃত রহস্য উদঘাটিত হবে। তবে তারা স্বামী-স্ত্রী কিনা এবং তাদের বাড়ির ঠিকানা সঠিক কিনা সার্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, এ ঘটনায় হোটেল ম্যানেজার মোহাম্মদ আলী ও হোটেলের মালিক পক্ষের লোক শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মূল আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।