করোনায় আরও ১৩ মৃত্যু, শনাক্ত ১২৮৯
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে, আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৮৯ জন।এতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১৮ হাজার ৭৬৪ এবং মৃতের মোট সংখ্যা পৌঁছছে ৬ হাজার ৪৯ জনে।
শুক্রবার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কোভিড-১৯ সংক্রমণের সর্বশেষ এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৫৪১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা হয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৫৬৮।গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ১১ জন এবং নারী দুজন। এদের সবাই হাসপাতালে মারা যান।
গত ২৪ ঘণ্টায় ১১৪টি ল্যাবরেটরিতে ১১ হাজার ২৮৪টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ১১ হাজার ৪১৯টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৪ লাখ ২৯ হাজার ৮৪২টি।২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ২৯ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ২৩ শতাংশ। মোট রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০ দশমিক ৩৭ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
এ পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে পুরুষ ৪ হাজার ৬৫৭ জন (৭৬ দশমিক ৯৯ শতাংশ) এবং নারী ১ হাজার ৩৯২ জন (২৩ দশমিক শূন্য ১১ শতাংশ)।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ২০ বছরের বেশি বয়সী একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব দুইজন এবং ষাটোর্ধ্ব নয়জন ছিলেন। ঢাকা বিভাগের ছিলেন সাতজন, খুলনার একজন, সিলেটের দুইজন এবং রংপুর বিভাগের ছিলেন তিনজন।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২২ তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩১ তম অবস্থানে।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
-জেডসি
