ময়মনসিংহে লাগেজে মিলল তরুণীর লাশ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:১৯ পিএম, ৯ নভেম্বর ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় লাগেজ থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি।
আজ সোমবার (০৯ নভেম্বর) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গঙ্গাশ্রম এলাকায় ব্রিজের কাছে খয়েরি রঙের একটি লাগেজ থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী জানান, ওই তরুণীর বয়স ৩০ হতে পারে। এখন পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি। নিহত তরুণী শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তার শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গোয়েন্দা পুলিশ সিআইডি ক্রাইমসিন টিম পৌঁছায়। লাগেজের ভেতর থেকে নিহতের মরদেহ উদ্ধারের পাশাপাশি ভেতরে ৫টি ইটও পাওয়া গেছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। মরদেহটির ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। ধারণা করা হচ্ছে, অজ্ঞঅত ওই তরুণীকে হত্যার পর এখানে এনে ফেলে রাখা হয়।
রামগোপালপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মো. রফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্যরাই প্রতিবন্ধী তরুণীকে হত্যা করে এখানে মরদেহ ফেলে যেতে পারে।
-জেডসি
