মিয়ানমারে সাধারণ নির্বাচন: আবারো জয়ী সু চির দল
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:২৩ পিএম, ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার
অং সান সু চি
মিয়ানমারের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) নতুন সরকার গঠনের জন্য পর্যাপ্ত পার্লামেন্টারি আসন নিশ্চিত করেছে। সর্বশেষ নির্বাচনী ফলে অং সান সু চি’র দল এনএলডি ৩৪৬ আসনে জয় পেয়েছে; যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৩২২ আসনের চেয়ে বেশি।
বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বিপুল ভোটে জয়ের পর আজ শুক্রবার জাতীয় ঐক্য সরকার গড়ার প্রতিশ্রুতি দিয়েছে সু চি’র দল। এনএলডি’র মুখপাত্র মনিওয়া অং শিন বলেছেন,‘ সু চির নেতৃত্বে এখনো মানুষের আস্থা আছে তা-ই দেখিয়ে দিয়েছে এ জয়। এখন আমাদেরকে জাতীয় ঐক্য সরকার গড়া নিয়ে কাজ করতে হবে।’
এনএলডি এ প্রক্রিয়ায় ৩৯টি সংখ্যালঘু দলকে তাদের সঙ্গে কাজ করার আমন্ত্রণ জানিয়েছে বলে জানান অং শিন। এর আগে ২০১৫ সালের নির্বাচনে জয়ের পর সংখ্যালঘু দলগুলোকে এমন প্রস্তাব দেয়নি দলটি। জাতিগত সংখ্যালঘু রাজনৈতিক দলগুলো নির্বাচনে জাতীয় পার্লামেন্টের আসনের পাশাপাশি রাজ্য এসেম্বলির জন্যও লড়ছে।
গত রোববার মিয়ানমারে এবার নিয়ে দ্বিতীয়বারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের প্রাথমিক ফলে এনএলডি এর আগেও জয় দাবি করেছিল। পরে সবশেষ ফলেও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করল তারা। তবে নির্বাচনের চূড়ান্ত আনুষ্ঠানিক ফল এখনো ঘোষণা হয়নি। ৪১৬টি আসনের মধ্যে ৬৪টির ফল এখনো ঘোষণা বাকি রয়েছে।
এরই মধ্যে পাওয়া ফলে এনএলডি’র জয়ে দলটিকে আগাম অভিনন্দন জানিয়েছে ভারত, জাপান, সিঙ্গাপুর। কিন্তু মিয়ানমারের সেনা সমর্থিত বিরোধীদল ইতিমধ্যেই ভোটে অনিয়মের অভিযোগ তুলে পুনর্নির্বাচন দাবি করেছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) বলেছে, তারা নির্বাচনের ফল মানে না। একটি অবাধ, সুষ্ঠু, পক্ষপাতহীন, অন্যায় প্রচার মুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে দলটি। তবে মিয়ানমারের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, ভোট নির্বিঘ্নেই অনুষ্ঠিত হয়েছে এবং বড় ধরনের কোনো অনিয়ম হয়নি।
