করোনায় আরও ২১ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ১৫ নভেম্বর ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় হাজার ১৯৪ জন। এছাড়া শনাক্ত হয়েছে আরও এক হাজার ৮৩৭ জন। মোট শনাক্ত হলো চার লাখ ৩২ হাজার ৩৩৩ জন।
রোববার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই দিন সুস্থ হয়েছেন এক হাজার ৬৯৩ জন। মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৪৯ হাজার ৫৪২ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৬টি ল্যাবে ১৪ হাজার ৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৫ লাখ ৪১ হাজার ১৯৪টি নমুনা।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৭ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ০১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
মারা যাওয়া ২১ জনের মধ্যে পুরুষ ১৭ জন এবং নারী চারজন। এর মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়সী দুজন, ৪১ থেকে ৫০ বছর বয়সী একজন, পঞ্চাশোর্ধ চারজন এবং ষাটোর্ধ্ব ১৪ জন।
মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ১৪, চট্টগ্রামে ৩, রাজশাহীতে ১, বরিশালে ১, রংপুরে ১ এবং ময়মনসিংহে একজন। বাকি দুই বিভাগে মৃত্যু নেই।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৪তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩১তম অবস্থানে।
-জেডসি
