প্রথমবারের মতো কোনো নারী হতে পারেন পেন্টাগনের প্রধান!
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:২৫ পিএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
প্রথমবারের মতো কোনো নারীকে পেন্টাগনের প্রধান হিসেবে মনোনয়ন দিয়ে ইতিহাস সৃষ্টি করতে পারেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
এক্ষেত্রে পেন্টাগনের অভিজ্ঞ কর্মকর্তা মিশেল ফ্লাওয়ারনয় হতে পারেন প্রথম পছন্দ। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ কথা জানিয়েছে সিএনবিসি।
প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের ইতিহাসে গত চার বছর ছিল সবচেয়ে অস্থির সময়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই মেয়াদকালে পেন্টাগনের প্রধান হিসেবে দায়িত্বে এসেছেন পাঁচজন। সর্বশেষ এই পদ থেকে বিদায় নিতে হয়েছে মার্ক এসপারকে। নাগরিক বিক্ষোভ দমাতে সামরিক শক্তি প্রয়োগসহ ডোনাল্ড ট্রাম্পের নেয়া বিভিন্ন পদক্ষেপের বিপরীতে অবস্থান নেয়ায় তাকে সরে যেতে হলো।
মিশেল ফ্লাওয়ারনয় যদি শেষ পর্যন্ত এই পদে মনোনীত হন, তবে তাকে শুরুতেই বেশ কিছু ঝক্কি সামলাতে হবে। কারণ, করোনাভাইরাসের ভ্যাকসিন বিতরণে সেনা সদস্যদের কাজে লাগাতে হবে তাঁকে। আবার এই কাজ করতে হবে সংকুচিত বাজেট নিয়েই।
জো বাইডেনের উপদেষ্টাদের একজনের বরাত দিয়ে সিএনবিসি জানায়, ডেমোক্র্যাটরা অনেক আগে থেকেই গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে নারীদের নিয়োগ দিতে চাইছে। বিশেষত যেসব পদে নারীরা এর আগে কখনো আসেননি, সেসব পদে তাদের নিয়োগ দেয়ার পরিকল্পনা অনেক আগের।
২০১৬ সালে হিলারি ক্লিনটন জয়ী হলে মিশেল ফ্লাওয়ারনয়কে পেন্টাগনের প্রধান হিসেবে আনার পরিকল্পনা ছিল। এ কারণে বাইডেনের সম্ভাব্য মন্ত্রিসভায় ফ্লাওয়ারনয়ের থাকাটা এক রকম নিশ্চিত ধরা যায়।
-জেডসি
