ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৩১ হাজার, মৃত্যু ৪৮২
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:০৫ পিএম, ১ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ১১৮ জন। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৯৪ লক্ষ ৬২ হাজার ৮০৯ জন।একই সময়ে মারা গেছে ৪৮২ জন। এতে দেশটিতে কোভিড-১৯ প্রাণ হারিয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ৬২১ জন।এছাড়া গত ২৪ ঘণ্টায় সংক্রমণের থেকে সুস্থ বেশি হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ১১ হাজারের বেশি।
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থান রয়েছে ভারত। প্রথম স্থানে থাকা আমেরিকার মোট আক্রান্ত ১ কোটি ছাড়িয়ে লাফিয়ে বাড়ছে। এখনও সেখানে ১ কোটি ৩৫ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। অক্টোবরের শেষ থেকেই আমেরিকাতে বাড়ছিল দৈনিক সংক্রমণ। গত ২৫ দিনে সেখানে দৈনিক সংক্রমণ ১ লক্ষ ৫৭ হাজার। তুলনায় তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে দৈনিক সংক্রমণ মাস খানেক ধরে অনেকটাই কম। লাতিন আমেরিকার ওই দেশে এখন পর্যন্ত ৬৩ লক্ষ ৩৫ হাজার জন কোভিডে আক্রান্ত হয়েছেন।
ভারতে মোট মৃত্যুর এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে। সেখানে প্রাণ গিয়েছে ৪৭ হাজার ১৫১ জনের। দেশটিতে মৃত্যু তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা কর্নাটক এবং তামিলনাড়ুতে তা সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে। এর পর ক্রমান্বয়ে রয়েছে দিল্লি (৯,১৭৪), পশ্চিমবঙ্গ (৮,৪২৪), উত্তরপ্রদেশ (৭,৭৬১), অন্ধ্রপ্রদেশ (৬,৯৯২)। পঞ্জাব, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং রাজস্থানেও মোট মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য।
আক্রান্ত এবং মৃত্যু বৃদ্ধির মধ্যেই স্বস্তিদায়ক দেশের সুস্থতার হার। ভারতে কোভিড আক্রান্তদের সুস্থ হওয়া শুরু থেকেই আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশের থেকে বেশি। এখনও পর্যন্ত দেশে মোট ৮৮ লক্ষ ৮৯ হাজার ৫৮৫ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দেশের মোট আক্রান্তের সাড়ে ৯৩ শতাংশেরও বেশি সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৯৮৫ জন। নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় অক্টোবরের শুরু থেকেই কমছিল সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ১১ হাজার ৩৪৯ কমেছে। এখন দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৩৫ হাজার ৬০৩ জন।
ভারতে অধিকাংশ রাজ্যেই দৈনিক সংক্রমণ গত এক মাসে কমেছে। গত দু’সপ্তাহ ধরে দিল্লি এবং কেরলে তা বেশি থাকার পর গত ক’দিনে একটু করে কমছে। মঙ্গলবার ওই দুই রাজ্যেই তা ৪ হাজারের কম। পাশাপাশি সোমবারের থেকে মহারাষ্ট্রেও দৈনিক সংক্রমণ কমে ৪ হাজারের নীচে।অন্য দিকে রাজস্থান, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাতের মতো রাজ্যগুলিতে শীত পড়ার সঙ্গে সঙ্গে খুব ধীরে হলেও ধারাবাহিক ভাবে বাড়ছে আক্রান্ত।
পশ্চিমবঙ্গের দৈনিক আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় কমেছে অনেকটাই। ২ হাজার ৬৭১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন এ রাজ্যে। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্ত হলেন ৪ লক্ষ ৮৩ হাজার ৪৮৪ জন। যদিও তার মধ্যে ৪ লক্ষ ৫০ হাজার ৭৬২ জন রোগী সুস্থও হয়েছেন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৮ জনের। এ নিয়ে রাজ্যে মোট মৃত্যু হল ৮ হাজার ৪২৪ জনের। সূত্র: আনন্দবাজার পএিকা
-জেডসি
