ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৪:৩৯:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আমি কী করব তা কেউ ঠিক করতে পারে না: মমতা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৪১ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ০৩:৫১ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার

প্রয়োজনে আমার গলা কাটতে পারে। কিন্তু আমি কী করব তা কেউ ঠিক করতে পারে না। দুর্গা প্রতিমা বিসর্জন নিয়ে রাজ্যের নির্দেশিকা হাইকোর্টে খারিজের পর এমনটাই প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তি বজায় রাখতে তিনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। 

বৃহস্পতিবার বিকেলে বেশ কিছু পুজো মণ্ডপে দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। একডালিয়া এভারগ্রিনের মণ্ডপে থাকার সময় হাইকোর্টের রায় নিয়ে প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, তিনি মানব ধর্মে বিশ্বাস করেন। তোষণের রাজনীতি তিনি করেন না বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

ছটপুজো, বড়দিনের সময় না হলেও, দুর্গাপুজোর সময় তোষণ নিয়ে বিজেপির প্রশ্ন তোলার সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। মানুষের রায় সব থেকে বড় রায় বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর অভিযোগ, দিল্লি থেকে সারাক্ষণ চক্রান্ত হচ্ছে। বিসর্জন নিয়েও চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

চক্রান্ত করলে বিজেপিকে দায়িত্ব নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সব চক্রান্তকেই তিনি ধূলিসাৎ করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর অভিযোগ উৎসবকে ছোট করে দেওয়ার চেষ্টা হচ্ছে। উৎসবে অশান্তি পাকালে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

খবর বলছে, হাইকোর্টের রায়ের পর বৃহস্পতিবারই কলকাতার নগরপালসহ বেশ কয়েকজন আধিকারিককে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন বলে জানা গিয়েছে।

তবে শুক্রবারও নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে হাজির থাকবেন মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, সিপি। বৈঠকে বেশ কয়েকজন মন্ত্রীও উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার বিসর্জন নিয়ে হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী জানান, চিন্তার কিছু নেই, সব ব্যবস্থা আছে। সব কিছুরই একটা ওয়ে আউট আছে বলে নবান্নে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।