ইতালিতে করোনায় মৃত্যু ছাড়াল ৬০ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৪৫ পিএম, ৭ ডিসেম্বর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের দ্বিতীয় ধাপে ইতালিতে প্রতিদিন বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। দেশটিতে গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৫৬৪ জন। এ নিয়ে দেশটিতে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ৬০ হাজার ৭৮ জন। এদিন মোট আক্রান্ত ১৮, হাজার ৮৮৭ জন। এতে ইতালিতে মোট আক্রান্ত ১৭ লাখ ২৮ হাজার ৮৭৮ জন এবং গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা তিন হাজার ৩ হাজার ৪৫৪ জন।
এদিকে গত ৪ ডিসেম্বর থেকে ইতালিতে লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে। একমাত্র আবুরুচ্ছো অঞ্চলকে এখনো লাল জোনের আওতায় রাখা হয়েছে।
তবে বড়দিনকে সামনে রেখে নতুন করে দেশটিতে আইনের পরিবর্তন আনছে সরকার। বড়দিনের সময়ে সারাদেশকেই হলুদ জোনের আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জিউসেপ কোতে।
প্রধানমন্ত্রী স্বাক্ষরিত অধ্যাদেশে বলা হয়েছে, আগামী ২১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত কেউ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেতে পারবে না। এছাড়াও ২৫, ২৬ ডিসেম্বর এবং ১ জানুয়ারি কেউ নিজের শহর থেকেও বের হতে পারবে না। সারাদেশেই রাত ১০টার পর থেকে সকাল পাঁচটা পর্যন্ত কেউ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারবে না। তবে রাত ১০টা পর্যন্ত রেস্তোরাঁ ও বার খোলা থাকলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত ভেতরে বসে খাবার অনুমতি রয়েছে আর এরপর থেকে রাত ১০টা পর্যন্ত শুধুমাত্র খাবার অর্ডার করে বাসায় নিয়ে যাবার নির্দেশ দেয়া হয়েছে।
-জেডসি
