ভারতে করোনায় ১ লাখ ৪০ হাজারের বেশি প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৪৯ পিএম, ৭ ডিসেম্বর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৮১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৯৬ লাখ ৭৭ হাজার ২০৩ জন। একই সময়ে মারা গিয়েছেন ৩৯১ জন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৫৭৩ জন।
সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।
ভারতে মোট মৃত্যুর এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে। সেখানে প্রাণ গিয়েছে ৪৭ হাজার ৭৩৪ জনের। দেশটির মৃত্যু তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা কর্নাটকে এবং তামিলনাড়ুতে তা সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে। এর পর ক্রমান্বয়ে রয়েছে দিল্লি (৯,৬৪৩), পশ্চিমবঙ্গ (৮,৭২৩), উত্তরপ্রদেশ (৭,৯২৪), অন্ধ্রপ্রদেশ (৭,০৩৩)। পঞ্জাব, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং রাজস্থানেও মোট মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য।
আক্রান্ত এবং মৃত্যু বৃদ্ধির মধ্যেই স্বস্তিদায়ক দেশটির সুস্থতার হার। ভারতে কোভিড আক্রান্তদের সুস্থ হওয়া শুরু থেকেই আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশের থেকে বেশি। এখনও পর্যন্ত দেশটিতে মোট ৯১ লাখ ৩৯ হাজার ৯০১ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। ভারতে মোট আক্রান্তের প্রায় সাড়ে ৯৪ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ১০৯ জন। নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় অক্টোবরের শুরু থেকেই কমছিল সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা ৬ হাজার ৫১৯ কমেছে। কমতে কমতে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৭২৯ জন।
-জেডসি
