ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ২০:২৭:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রোকেয়া পদক পেলেন ৫ নারী, আজ রোকেয়া দিবস

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৮ এএম, ৯ ডিসেম্বর ২০২০ বুধবার

রোকেয়া পদক পেলেন ৫ নারী, আজ রোকেয়া দিবস

রোকেয়া পদক পেলেন ৫ নারী, আজ রোকেয়া দিবস

আজ বুধবার ৯ ডিসেম্বর, উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৪০তম জন্ম এবং ৮৮তম মৃত্যুবার্ষিকী। দিনটি রোকেয়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে। প্রতি বছরের মতো এবারও সারাদেশে সরকারিভাবে পালন করা হবে রোকেয়া দিবস। এ বছর ‘বেগম রোকেয়া পদক’-এর জন্য পাঁচজন বিশিষ্ট নারীর মনোনয়ন চূড়ান্ত করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছে।

রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বপ্ন ছিল সমাজে নারী-পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে। সেই স্বপ্নের কথাই তিনি লিখে গেছেন তাঁর গল্প-উপন্যাস-প্রবন্ধগুলোতে। নারীশিক্ষার প্রসারে কাজ করে গেছেন আমৃত্যু। নারী শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, তাদের ক্ষমতায়ন, ভোটাধিকারের জন্য লড়াইটা এই বাংলায় রোকেয়াই শুরু করেছিলেন।

১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে এক জমিদার পরিবারে রোকেয়ার জন্ম হয়। ১৯৩২ সালের এই দিনেই মারা যান তিনি। রোকেয়া খাতুন, রোকেয়া সাখাওয়াত হোসেন, মিসেস আর এস হোসেন নামেও লিখতেন এবং পরিচিত ছিলেন তিনি। ঊনবিংশ শতকে নারীরা যখন অবরোধবাসিনী, সেই সময়ে নারীর পরাধীনতার বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছেন।

দিবসটি উপলক্ষে নানা আনুষ্ঠানিকতায় স্মরণ করা হবে তাকে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রোকেয়া দিবস উদ্‌যাপন ও বেগম রোকেয়া পদক-২০২০ প্রদান করা হবে।

যারা পেলেন রোকেয়া পদক : এ বছর রোকেয়া পদক পেয়েছেন নারী শিক্ষায় প্রফেসর ড. শিরীন আখতার; পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের জন্য কর্নেল (ডা.) নাজমা বেগম, এসপিপি, এমপিএইচ; নারীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য মঞ্জুলিকা চাকমা; সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের জন্য বীর মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফি এবং নারী অধিকারে অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার। আজ তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।