ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ২০:২৬:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী শিক্ষার আলো জ্বালিয়ে গেছেন বেগম রোকেয়া: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ৯ ডিসেম্বর ২০২০ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

সমাজের নানা বাধা মোকাবিলা করে নারীদের মাঝে শিক্ষার আলো জ্বালিয়ে গেছেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া। তারই ধারাবাহিকতায় আজ দেশের নারীরা শিক্ষা এবং কর্মসংস্থানের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।

আজ বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখায় ৫ জনকে রোকেয়া পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী বলেন, নারী পুরুষের সমান অংশগ্রহণে দেশ এগিয়ে যাচ্ছে। সমাজের সকল ক্ষেত্রে নারী নেতৃত্ব তৈরিতে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চায়, তবে সমাজের অর্ধেক যদি পিছিয়ে থাকে তবে সমাজ কীভাবে নিজের পায়ে দাঁড়াবে।

তিনি বলেন, ‘সমাজকে পঙ্গু হয়ে এগিয়ে যেতে হবে।’

শেখ হাসিনা বলেন, সরকার নারী শিক্ষা ও তাদের কর্মসংস্থানে গুরুত্ব দিয়েছে। সরকার দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি চায় এবং এ জন্য ব্যাপক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে।

এই প্রসঙ্গে তিনি নারীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির কথা উল্লেখ করেন যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে।

‘এটি সমাজ ও দেশের জন্য মঙ্গলজনক হবে এবং দেশ হবে দারিদ্র্যমুক্ত। আমরা এ লক্ষ্য সামনে রেখেই ব্যাপকভাবে কাজ করছি,’ বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার সারাদেশে এমনকি কর্মজীবী নারীদের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে হোস্টেল নির্মাণ করছে যাতে তারা ভালো আবাসন পেতে পারে।

‘এর মাধ্যমে, নারীরা সুরক্ষিত স্থানে থেকে তাদের কাজ চালিয়ে যেতে পারবে,’ তিনি বলেন।

নারী ও শিশু নির্যাতনকে বৈশ্বিক সমস্যা হিসেবে অভিহিত করে তিনি দেশে এই সামাজিক সমস্যাগুলো বন্ধে দৃঢ় অবস্থান প্রকাশ করে বলেন, ইতিমধ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।