ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ১১:০৫:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চন্দ্র অভিযানের এক নারীকে নিয়ে চীনে মাতামাতি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

চ্যাঙই-৫ অভিযানে কাজ করা কয়েকজন কর্মী এবং তাদের পরিবারের সদস্য।  সংগ্রহ করা ছবি

চ্যাঙই-৫ অভিযানে কাজ করা কয়েকজন কর্মী এবং তাদের পরিবারের সদস্য। সংগ্রহ করা ছবি

চীনের চ্যাঙই-৫ চন্দ্র অভিযানে কাজ করছেন এমন একজন নারীকে নিয়ে দেশটির সোশ্যাল মিডিয়ায় রীতিমত আলোড়ন সৃষ্টি হয়েছে। ২৪ বছর বয়সী ঝুও চেংইয়ু এই চন্দ্র অভিযান কর্মসূচির একজন 'স্পেস কমান্ডার'।

ওয়েনচ্যাং স্পেসক্রাফট উৎক্ষেপণ এলাকায় যারা স্পেস কমান্ডার হিসেবে কাজ করছেন, তাদের মধ্যে বয়সে সবচেয়ে ছোট ঝুও চেংইয়ু। কিন্তু সেখানে তাকে শ্রদ্ধা করে সবাই ডাকেন 'বিগ সিস্টার‌' বলে।

চ্যাঙই-৫ চন্দ্র মিশন গত সাত বছরে চীনের তৃতীয় সফল অভিযান যার মাধ্যমে তারা সফলভাবে চাঁদের বুকে কোন নভোযান নামিয়েছে।

ঝুও চেংইয়ু এই অভিযানে 'রকেট-সংযোগ‌ সিস্টেমের‌' দায়িত্বে ছিলেন। যাকে পুরো অভিযানের সাফল্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

চীনের সোশ্যাল মিডিয়া সাইট ওয়েইবোতে ঝুও চেংইয়ুকে নিয়ে চলছে মাতামাতি। চীনের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে তাকে ২৩ নভেম্বর চ্যাঙই-৫ অভিযানের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণদের একজন বলে বর্ণনা করার পর এটা শুরু হয়।

যেহেতু তার বয়স খুব কম, তাই চীনের জনগণের মাঝে তাকে নিয়ে রীতিমত সাড়া পড়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় তার মেধা ও বুদ্ধিমত্তার প্রশংসা করা হচ্ছে। তাকে চীনের গর্ব বলে বর্ণনা করা হচ্ছে।

ঝুও চেংইয়ু চীনের গুইঝু প্রদেশে মানুষ। তাকে নিয়ে যে এত মাতামাতি চলছে, এটা তার ওপর কোন প্রভাব ফেলেনি।

স্থানীয় একটি নিউজ সাইটের খবর অনুযায়ী, সাক্ষাৎকারের জন্য অনেক অনুরোধ জানানো হলেও ঝুও তাতে রাজি হননি। তার কাজের পথে এই খ্যাতি কোন বাধা হয়ে দাঁড়াক সেটা তিনি চান না।

চীনে চাঁদের এক দেবীর নামে এই অভিযানের নাম দেয়া হয়েছে চ্যাঙই-৫। এই চাঁদের বুক থেকে পাথর এবং মাটি সংগ্রহ করে তা পৃথিবীতে পাঠাবে, যাতে বিজ্ঞানীরা গবেষণা করে চাঁদের গঠন সম্পর্কে আরও বেশি জানতে পারেন।