করোনায় ভারতে ২৪ ঘণ্টায় মৃত ৪১৪
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:০৮ পিএম, ১১ ডিসেম্বর ২০২০ শুক্রবার
করোনায় ভারতে ২৪ ঘণ্টায় মৃত ৪১৪
ভারতে দৈনিক করোনা সংক্রমণ খানিকটা কমল। কোভিড সংক্রমণের নিরিখে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৭ লক্ষ ৬৭ হাজার ৩৭১। এই মুহূর্তে ভারতে দৈনিক সংক্রমণ বৃদ্ধি ৩০ হাজারের আশেপাশেই ঘোরাফেরা করছে। দৈনিক সংক্রমণ অনেক কমলেও এ ভাবে চললে আর কয়েক দিনের মধ্যেই ভারতে সংক্রমণ ১ কোটি ছাড়িয়ে যাবে।
আজ শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২৯ হাজার ৩৯৮ জন নোভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন, যা গতকালের চেয়ে ২ হাজার ১২৩ কম। এই মুহূর্তে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৬৩ হাজার ৭৪৯।
গত ২৪ ঘণ্টায় গোটা দেশটিতে ৪১৪ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। এর মধ্যে মহারাষ্ট্রেই ৭০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ৬১ জন করোনা রোগী মারা গিয়েছেন রাজধানী দিল্লিতে। পশ্চিমবঙ্গে ৪৯ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। করোনার প্রকোপে গোটা দেশে এখনও পর্যন্ত ১ লক্ষ ৪২ হাজার ১৮৬ জনের মৃত্যু ঘটেছে।
