ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ২০:২৮:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাভার জাতীয় স্মৃতিসৌধের নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩২ পিএম, ১১ ডিসেম্বর ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হলেও এবার নতুন করে বাড়তি নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশনা দেয়া হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের আশেপাশের এলাকার নাগরিকদের সতর্ককরণ ও অব্যাহতি নোটিশ দেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে নোটিশের বিষয়ে নিশ্চিত করেছেন জাতীয় স্মৃতিসৌধের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) হারুন উর রশিদ।

সতর্কবার্তা ও নোটিশে বলা হয়েছে, মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যারা জাতীয় স্মৃতিসৌধের আশপাশে বসবাস করেন তাদের আগামী দুই দিনের মধ্যে বিট পুলিশিং এর নির্ধারিত ফরম পূরণ করে আশুলিয়া থানা অথবা স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পে জমা দেবার বিষয়ে নিদের্শনা দেয়া হয়েছে। এছাড়া আগামী ১৬ ডিসেম্বরের আগে কোনও ধরনের আত্মীয় অথবা নতুন ভাড়াটিয়াদের গ্রহণ বা আশ্রয় দেয়া যাবে না বলেও উল্লেখ করা হয়েছে।

জাতীয় স্মৃতিসৌধের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) হারুন উর রশিদ বলেন, জাতীয় স্মৃতিসৌধে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করার জন্য সব বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছি। আগামী দুই-এক দিনের ভেতর তথ্য সংগ্রহের কাজ শেষ হবে। সে সঙ্গে নতুন করে কেউ স্মৃতিসৌধের আশপাশের এলাকায় আশ্রয় নিতে পারবে না।

-জেডসি