জো বাইডেনের শীর্ষ উপদেষ্টা হচ্ছেন সুসান রাইস
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:১৩ পিএম, ১২ ডিসেম্বর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতি বিষয়ক শীর্ষ উপদেষ্টা হিসেবে সুসান রাইসকে নিয়োগ দিতে যাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।পররাষ্ট্র দফতরে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন ৫৬ বছর বয়সী রাইস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার আগে দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলেই জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন। কৃষ্ণাঙ্গ এই নারী বাইডেনের রানিংমেট হওয়ার দৌড়েও ছিলেন। খবর রয়টার্স।
হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতি বিষয়ক পদে আসায় রাইসকে সিনেটের অনুমোদনের অপেক্ষায় থাকতে হবে না।
বাইডেনের ঘনিষ্ঠ এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট এবার তার প্রশাসনের কর্মকর্তা বাছাইয়ের ক্ষেত্রে পররাষ্ট্র ও অভ্যন্তরীণ নীতিতে দক্ষতাকে আলাদা করে না দেখে অভিজ্ঞতা এবং বিশ্বস্ততাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।
ওই কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা পরিচালনায় অভিজ্ঞ রাইসের মাধ্যমে নিজের নীতি ও পরিকল্পনাগুলো বাস্তবায়িত করা সহজ হবে বলেও বাইডেন মনে করছেন।
-জেডসি
