করোনায় একদিনে ৩৬ জনের প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৭ জন পুরুষ ও নয়জন নারী ছিলেন। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ১৯২ জন। শনাক্ত হয়েছে আরও এক হাজার ১৩৪ জন। এতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৯৬ হাজার ৯৭৫ জনে। এছাড়া গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই হাজার ২৩৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে চার লাখ ৩১ হাজার ৫৯০ জন হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১২টি আরটি-পিসিআর ল্যাব, ১৮টি জিন-এক্সপার্ট ল্যাব ও ১০টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে, অর্থাৎ সর্বমোট ১৪০টি ল্যাবে ১৩ হাজার ১৯১টি নমুনা পরীক্ষা করার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর; এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৩৫ হাজার ৭২৮টি নমুনা।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৬০ শতাংশে, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৩৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৮৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
আগের দিন বুধবার ১৪০টি ল্যাবে মোট ১৭ হাজার ২৫টি নমুনা পরীক্ষা করার কথা জানানো হয়েছিল অধিদপ্তরের পক্ষ থেকে। অর্থাৎ গত এক দিনে প্রায় চার হাজার নমুনা কম পরীক্ষা হয়েছে আগের দিনের তুলনায়।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৬তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৩তম অবস্থানে।
-জেডসি
