ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ৭:১৬:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নাইজেরিয়া: স্কুলে হামলার পর অপহৃত ৩৪৪ শিক্ষার্থী মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার

নাইজেরিয়ার ম্যাপ

নাইজেরিয়ার ম্যাপ

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাটসিনা রাজ্যের একটি মাধ্যমিক স্কুল থেকে গত সপ্তাহে অপহৃত তিন শতাধিক ছাত্র মুক্ত হয়েছে। কাটসিনা রাজ্য গভর্নরের এক মুখপাত্র জানান, ৩৪৪ ছাত্র মুক্ত হয়েছে এবং তারা সুস্থ রয়েছে।

তবে কয়েকজন ছাত্র এখনো হামলাকারীদের কাছে রয়েছে বলে অন্য এক খবরের বরাত দিয়ে আজ শুক্রবার জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারাম এ ঘটনার দায় স্বীকার করেছে। তাদের প্রকাশিত ভিডিও ফুটেজে কয়েকজন ছাত্রকে দেখা গেছে।

এর আগে গত শুক্রবার রাতে ক্যাটসিনা রাজ্যের ক্যানকারা এলাকার গভর্নমেন্ট সায়েন্স সেকেন্ডারি স্কুল নামের ওই বিদ্যালয়ে অতর্কিত হামলা চালায় মোটরসাইকেল আরোহী কয়েকজন বন্দুকধারী। এ সময় ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধ চলাকালে স্কুলটির ৮ শতাধিক শিক্ষার্থীর প্রায় অর্ধেক আশেপাশের জঙ্গলে পালিয়ে যায়। তবে নিখোঁজ থাকে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী।

ক্যাটসিনা রাজ্যের গভর্নর আমিনু বেল্লো মাসারি বলেন, ৩৪৪ জন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তাদের ক্যাটসিনা শহরে নিয়ে যাওয়া হচ্ছে। অধিকাংশ শিক্ষার্থী উদ্ধার হয়েছে। তবে সবাইকে এখনো উদ্ধার করা যায়নি। পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আগে উদ্ধার শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হবে।

এক বিবৃতিতে রাজ্য গভর্নরের মুখপাত্র আব্দুল লাবারান জানান, বোকো হারেমের প্রকাশিত ভিডিওটি নির্ভরযোগ্য। কিন্তু গোষ্ঠীটির নেতা হিসেবে বার্তা দেওয়া ব্যক্তি ভুয়া। কোনো অপহৃত ছাত্রকে হত্যা করা হয়নি।

এর আগে ২০১৪ সালে অনুরূপ একটি ঘটনায় বোকো হারাম ২৭৬ জন স্কুলছাত্রীকে অপহরণ করেছিল।