সম্মতি ছাড়া শারীরিক সম্পর্ক হলেই ধর্ষণ, ডেনমার্কে নতুন আইন
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
ধর্ষণবিরোধী আইন আরো কঠোর করেছে ইউরোপের দেশ ডেনমার্ক। নতুন আইন অনুযায়ী দেশটিতে এখন থেকে দুই পক্ষের সুস্পষ্ট সম্মতি ছাড়া শারীরিক সম্পর্ক হলেই তা ধর্ষণ বলে বিবেচিত হবে।
বৃহস্পতিবার নতুন এ আইন পাস হয়েছে ড্যানিশ পার্লামেন্টে। ডেনমার্কের পুরনো ধর্ষণবিরোধী আইনে প্রসিকিউটরদের দেখাতে হতো- ধর্ষক এমন কারো ওপর সহিংসতা চালিয়েছে বা আক্রমণ করেছে, যার বাধা দেয়ার ক্ষমতা ছিল না। কিন্তু, নতুন আইনে এই নিয়ম থাকছে না।
ড্যানিশ বিচারমন্ত্রী নিক হেক্কারুপ এক বিবৃতিতে বলেন, এখন এটা পরিষ্কার যে, শারীরিক সম্পর্কে যদি দুই পক্ষেরই সম্মতি না থাকে, তবে সেটি ধর্ষণ।
২০১৮ সালে অনেকটা একই ধরনের আইন পাস করেছে ড্যানিশদের প্রতিবেশী সুইডেন। এর পরপরই সেখানে ধর্ষণে অভিযুক্তের সংখ্যা ৭৫ শতাংশ বেড়ে যায়।
সরকারি হিসাব অনুসারে, ডেনমার্কে প্রতিবছর ১১ হাজার ৪০০ জন নারী ধর্ষণ বা ধর্ষণচেষ্টার শিকার হন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, বিনাসম্মতিতে শারীরিক সম্পর্ককে ধর্ষণ হিসেবে স্বীকৃতি দেয়া ইউরোপের ১২তম দেশ হলো ডেনমার্ক।
অ্যামনেস্টির নারী অধিকার বিষয়ক গবেষক অ্যানা ব্লাস বলেন, এটা ডেনমার্কের নারীদের জন্য অসাধারণ একটি দিন। দেশটি পুরনো ও বিপজ্জনক ধর্ষণ আইনটি ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করে এই অপরাধের কালিমা এবং দায়মুক্তির অবসান ঘটাতে সাহায্য করেছে।
ডেনমার্কে আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে নতুন এই আইন।
সূত্র: দ্য গার্ডিয়ান
-জেডসি
