করোনায় আরও ২৫ জনের প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:৫২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ২৪২ জন। শনাক্ত হয়েছে আরও এক হাজার ২৬৭ জন। এতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৯৯ হাজার ৫৬০ জনে। এছাড়া গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও এক হাজার ৯৮৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে চার লাখ ৩৫ হাজার ৬০১ জন হয়েছে।
শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৬০টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৩টি, জিন-এক্সপার্ট ১৮টি, র্যাপিড অ্যান্টিজেন ২৯টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার পাঁচটি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৩০০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৫২ হাজার ৩৬৪টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১০ দশমিক ৩০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ২০ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।
গত একদিনে মৃত ২৫ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও নারী আট জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে চার জন। খুলনা ও ময়মনসিংহ বিভাগে দুইজন করে চার জন। এছাড়া রাজশাহী ও রংপুর বিভাগে এক জন করে দুই জন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ২৫ জন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন রয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৪২ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৯৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৯৪ হাজার ৮১১ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৮২ হাজার ৪৫৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৩৫৫ জন।
-জেডসি
