করোনায় আরও ৩২ জনের প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৩১২ জন। শনাক্ত হয়েছে আরও এক হাজার ৪৭০ জন। এতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ দুই হাজার ১৮৩ জনে। এছাড়া গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই হাজার ১৬৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে চার লাখ ৩৯ হাজার ৬৯৪ জন হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৩টি আরটি-পিসিআর ল্যাব, ১৮টি জিন-এক্সপার্ট ল্যাব ও ২৯টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাৎ সর্বমোট ১৬০টি ল্যাবে ১৫ হাজার ৬৬৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৯১ হাজার ৩৪৯ টি নমুনা।
সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ লাখ ৬১ হাজার ৫৯৩ টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৬ লাখ ২৯ হাজার ৭৫৬ টি।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৩৮ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ২৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৫৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মৃত ৩২ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন ও ষাটোর্ধ্ব ২১ জন।
বিভাগীয় হিসেবে গত একদিনে মারা গেছে ঢাকার বিভাগের ১৫ জন, চট্টগ্রামের আটজন, রাজশাহীর একজন, খুলনার একজন, বরিশালের তিনজন, সিলেটের তিনজন ও রংপুরের একজন।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৭তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৩তম অবস্থানে।
-জেডসি
