ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ৫:৪৫:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে বাড়ল করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় মৃত ৩৩৩

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার

ভারতে কিছুটা বাড়ল করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় মৃত ৩৩৩

ভারতে কিছুটা বাড়ল করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় মৃত ৩৩৩

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ভারতে নতুন সংক্রমণের সংখ্যা আবারও অনেকটা বেড়ে গেল। নোভেল করোনাভাইরাসের নয়া প্রকারভেদ নিয়ে যখন আতঙ্কে গোটা বিশ্ব, সেইসময় ভারতের পরিস্থিতি তুলনামূলক ভাবে স্বস্তিদায়ক। কিন্তু মঙ্গলবারের তুলনায় একধাক্কায় প্রায় সাড়ে ৪ হাজার নতুন সংক্রমণে দুশ্চিন্তার ছায়া।

আজ বুধবার সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান প্রকাশ করলে দেখা যায়, এ দিন নতুন করে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ৯৫০ জন, গতকালের তুলনায় যা ৪ হাজার ৩৯৪ বেশি।

বিশ্ব করোনা তালিকায় এই মুহূর্তে ভারত যদিও দ্বিতীয় স্থানে রয়েছে, তবে প্রথম ও তৃতীয় স্থানে থাকা আমেরিকা এবং ব্রাজিলের তুলনায় ভারতে দৈনিক সংক্রমণ অনেকটাই স্বস্তিদায়ক।

কোভিডের প্রকোপে ভারতে এখনও পর্যন্ত ১ লক্ষ ৪৬ হাজার ৪৪৪ জন রোগী প্রাণ হারিয়েছেন। এর মধ্যে মহারাষ্ট্রেই সর্বাধিক প্রাণহানি ঘটেছে। সেখানে এখনও পর্যন্ত ৪৮ হাজার ৮৭০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। কর্নাটকে মৃত্যু হয়েছে ১২ হাজার ২৯ জন করোনা রোগীর। তামিলনাড়ুতে সংখ্যাটা ১২ হাজার ১২। রাজধানী দিল্লি এবং পশ্চিমবঙ্গে যথাক্রমে ১০ হাজার ৩২৯ এবং ৯ হাজার ৪৩৯ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন।

তবে ১৮ অক্টোবরের পর থেকে দেশে দৈনিক মৃত্যু ১ হাজারের নিচেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৩৩৩ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। এর মধ্যে মহারাষ্ট্রেই ৭৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ৩৮ জনের মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গে। কেরালায় ২৭ জন করোনা রোগী মারা গেছেন। দিল্লিতে মৃত্যু হয়েছে ২৫ জন করোনা রোগীর। পঞ্জাব থেকে ১৮ জনের মৃত্যু হিসেব পাওয়া গেছে।