ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ২৩:৩৭:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘মা-বাবাহারা রোহিঙ্গা শিশুদের দায়িত্ব নেবে সরকার’

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:২৭ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৮:৩১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী ও তাদের দোসরদের গণহত্যা ও নির্যাতনে বাংলাদেশে পালিয়ে আসা মা-বাবাহারা রোহিঙ্গা শিশুদের দায়িত্ব সরকার নেবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।

নুরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা-বাবাহারা এতিম রোহিঙ্গা শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে  নির্দেশ দিয়েছেন। এসব শিশুকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে থাকা-খাওয়া ও উপযুক্ত পরিবেশে বেড়ে ওঠার ব্যবস্থা করা হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, এমন অনেক শিশু রয়েছে যাদের মা-বাবা কেউ নেই। তারা আত্মীয়স্বজনদের সঙ্গে এ দেশে এসে আশ্রয় নিয়েছে। নিজ দেশে ফেরত না যাওয়া পর্যন্ত তাদের বিশেষ সনদ দেওয়া হবে।

গত ২৫ আগস্টের পর থেকে মিয়ানমার থেকে পালিয়ে এসেছে কমপক্ষে চার লাখ ২৯ হাজার রোহিঙ্গা। এদের অধিকাংশই নারী ও শিশু। কমপক্ষে ১২ হাজার শিশু মা-বাবা ছাড়াই বাংলাদেশে পালিয়ে এসেছে বলে জানায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।   

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জানান, শূন্য থেকে সাত বছর পর্যন্ত এতিম রোহিঙ্গা শিশুদের জন্য একটা ক্যাটাগরি থাকবে। আর আট থেকে ১৮ পর্যন্ত শিশুদের জন্য আরেকটি ক্যাটাগরি থাকবে। তাদের জন্য কক্সবাজারের টেকনাফ ও উখিয়াতে ২০০ করে ৪০০ একর জায়গা বরাদ্দ চাওয়া হয়েছে। সেখানে আলাদা শেড করে এই শিশুদের জন্য ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, মা-বাবাহারা রোহিঙ্গা শিশুরা যেন মাতৃস্নেহে বড় হয় এবং অপরাধ থেকে দূরে থাকে, সে জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে তাদের থাকা-খাওয়া ও পড়ালেখার সুযোগ দেওয়া হবে।