জার্মানিতে প্রথম টিকা নিলেন ১০১ বছর বয়সী নারী
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:২৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
হাঙ্গেরি এবং স্লোভাকিয়ার মতো নির্ধারিত সময়ের একদিন আগেই জার্মানিতেও শুরু হলো করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। জার্মানিতে প্রথম করোনার টিকা নিয়েছেন দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ স্যাক্সোনি-অ্যানহ্যাল্টের ১০১ বছর বয়সী এক নারী। খবর এনডিটিভির।
গত ২১ ডিসেম্বর ইউরোপিয়ান মেডিসিনস অ্যাজেন্সি ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনার টিকাকে আনুষ্ঠানিকভাবে ব্যবহারের অনুমোদন দেয়। এরই ধারবাহিকতায় ইইউভুক্ত অন্য দেশের মতো শনিবার জার্মানিতেও ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনা টিকার ১০ হাজার ডোজের প্রথম চালান এসে পৌঁছায়।
ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত অন্যান্য দেশের মতো জার্মানিতেও রোববার থেকে করোনার টিকা কার্যক্রম শুরু করার কথা ছিল। তবে সবাইকে অবাক করে হাঙ্গেরি ও স্লোভাকিয়ার মতো একদিন আগেই টিকা কার্যক্রম শুরু করে ইউরোপিয়ান ইউনিয়নের প্রভাবশালী এই দেশ।
জার্মানির মধ্যাঞ্চলীয় প্রদেশ স্যাক্সোনি-অ্যানহ্যাল্টে প্রথম এ টিকাদান কর্মসূচি শুরু হয় বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পাহন। তবে ক্রিসমাসের ছুটি থাকায় প্রথম দিনে দেশটিতে কতজন মানুষকে টিকার আওতায় আনা হয়েছে সে বিষয়ে সুস্পষ্ট কোনও ধারণা দিতে পারেনি দেশটির প্রশাসন।
স্পাহন বলেন, বৈশ্বিক এ মহামারির বিরুদ্ধে জয়লাভ করতে এবং একই সঙ্গে সমগ্র পৃথিবীকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে ভ্যাকসিনেশনের কোনও বিকল্প নেই।
প্রাথমিক অবস্থায় জার্মানিতে টিকা দেওয়ার ক্ষেত্রে ৮০ কিংবা তার চেয়ে অধিক বয়স্ক সিনিয়র সিটিজেন ও স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে স্পাহান জানান। তিনি বলেন, “আমরা বিপুল সংখ্যক মানুষকে এ ভ্যাকসিনেশনের আওতায় আনতে চাই ভবিষ্যতে জার্মানি এমনকি পুরো ইউরোপ থেকে পুরোপুরিভাবে করোনাকে নির্মূল করা সম্ভব হয়।
-জেডসি
