ক্ষমতার চেয়ার আর কারাগার খুব পাশাপাশি: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৪১ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
আমরা যারা রাজনীতি করি, আমাদের ক্ষমতার চেয়ার আর কারাগার খুব পাশাপাশি থাকে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৭ সালে যেটা হয়েছে, ক্ষমতা ছাড়াও সবার আগে কিন্তু আমাকেই গ্রেফতার করা হয়েছিল। কাজেই সেটা আমরা জানি, রাজনীতি করতে গেলে এটা করতেই হবে। সেইজন্য আমরা কারাগারগুলো উন্নত করে যাচ্ছি।
রোববার সকালে গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সে কেরানীগঞ্জে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত মহিলা কেন্দ্রীয় কারাগার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।
উচ্চ নিরাপত্তা ব্যবস্থা ও আধুনিক সুবিধা সম্বলিত এই কারাগারটিতে শুধু নারী বন্দীদের রাখা হবে। বর্তমানে সব নারী বন্দীদের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। গাজীপুরের কাশিমপুরে দেশের প্রথম মহিলা কেন্দ্রীয় কারাগার নির্মাণের পর দেশে এটি দ্বিতীয় মহিলা কেন্দ্রীয় কারাগার। এতে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত উভয় প্রকারের বন্দী রাখা হবে।
এর নির্মাণ কাজ বেশ কয়েক মাস আগে শেষ হলেও করোনাভাইরাসের কারণে এতদিন এটি চালু করা সম্ভব হয়নি। এদিন কেরানীগঞ্জে একটি এলপিজি স্টেশনও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এলপিজি স্টেশন থেকে কেন্দ্রীয় কারাগারে গ্যাস সংযোগ দেয়া হয়।
এর আগে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত ড্যাশ ৮-৪০০ মডেলের নতুন প্লেন ধ্রুবতারার উদ্বোধন করেন। একই অনুষ্ঠান থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে নবনির্মিত ২০টি ফায়ার স্টেশন, জেলা সদরে নবনির্মিত ছয়টি আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে সদ্য যুক্ত হওয়া নতুন ড্যাশ ৮-৪০০ ‘ধ্রুবতারা’র উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরের পর ২১ বছর দেশ চলেছে অবৈধ ক্ষমতা দখলকারীদের দ্বারা। ক্ষমতা দখলে রাখা তাদের লক্ষ্য ছিল বলেই দেশের উন্নয়ন করেনি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে উন্নয়নে ধারা অব্যাহত রাখে।
বিমানের জন্য কেনা উড়োজাহাজ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নতুন বিমানের মাধ্যমে অভ্যন্তরীণ যোগাযোগ আরও সহজ করার পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার সাথে যোগাযোগ বাড়ানো সম্ভব হবে। এতে দেশের ব্যবসা বাণিজ্য আরও উন্নত হবে।
প্রধানমন্ত্রী জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে তৃতীয় টার্মিনাল নির্মাণের পাশাপাশি কক্সবাজার, সৈয়দপুর বিমান বন্দরের উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে।
করোনার স্থবির পরিস্থিতিতে নতুন বিমানের উদ্বোধন সাহসী পদক্ষেপ বলে মন্তব্য করে সরকারপ্রধান বলেন, মহামারি পরিস্থিতি শিগগির দূর হবে।
ফায়ার স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দুর্গম এলাকাগুলোর পাশাপাশি সব উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণ করা হবে। ফায়ার সার্ভিসের জন্য আরও আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করা হচ্ছে।
সরকারপ্রধান বলেন, ফায়ার সার্ভিসে আরও জনবল বাড়িয়ে মানুষের জীবন নিরাপদ করতে চায় সরকার। নবনির্মিত ডিজিটাল পাসপোর্ট অফিসগুলোর মাধ্যমে সেবা আরও সম্প্রসারিত হবে।
-জেডসি
