ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ২:১৫:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সৌদির নারী অধিকারকর্মী হাথলুলের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রখ্যাত নারী অধিকারকর্মী লুজাইন আল-হাথলুলকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি আরবের একটি আদালত। সোমবার তাকে এ দণ্ড দেয়া হয় বলে লুজাইনের পরিবার জানিয়েছে।

২০১৮ সালে বেশ কয়েক জন নারী অধিকারকর্মীর সঙ্গে ৩১ বছরের লুজাইনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সৌদি রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন এবং জাতীয় নিরাপত্তার ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে।

লুজাইনের বোন লিনা জানিয়েছেন, ২০১৮ সালের ১৫ মে থেকে কারাগারে রয়েছেন লুজাইন। এ কারণে আদালত পাঁচ বছর আট মাসের সাজার মধ্যে দুই বছর ১০ মাসের মেয়াদ শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে আদালত।

তিনি জানান, লুজাইনের বিরুদ্ধে পাঁচ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। রায় ঘোষণার পর তার বোন কেঁদেছিলেন। লিনা বলেন, ‘আমার বোন সন্ত্রাসী নয়, তিনি একজন অধিকার কর্মী।’

২০১৮ সালের ১৫ মে আরও কয়েকজন নারী অধিকার কর্মীসহ গ্রেফতার হন ৩১ বছর বয়সী হাথলুল। তখন থেকেই কারাগারে আছেন তিনি। এসব নারীকে দীর্ঘদিন ধরে কারাগারে আটক রাখা হয়েছে কোনও সাক্ষ্য-প্রমাণ ছাড়া। সোমবার রায় ঘোষণার সময় আদালত হাথলুলের এরইমধ্যে কারাগারে থাকার সময়গুলো সাজা থেকে বাদ দেয়ার কথা বলেছেন।

হাথলুলের বিরুদ্ধে ঘোষিত এ রায় যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করবে। সম্প্রতি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট বলে দিয়েছেন, কোনও কোনও সৌদি ইস্যুতে তিনি তার পূর্বসূরির চেয়ে কঠোর অবস্থান নেবেন। ধারণা করা হচ্ছে, নতুন বাইডেন প্রশাসন এ বিষয়টি সৌদিদের কাছে উত্থাপন করতে যাচ্ছেন।

-জেডসি