দেশে করোনায় মৃত্যু সাড়ে ৭ হাজার ছাড়াল
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:০৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩০ জনের প্রাণহানি হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার হাজার ৫০৯ জন। শনাক্ত হয়েছে আরও এক হাজার ১৮১ জন। এতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ১০ হাজার ৮০ জনে। এছাড়া গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও এক হাজার ২৪৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে চার লাখ ৫৪ হাজার ৫৬৩ জন হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। ১২ ডিসেম্বর তা সাত হাজার ছাড়িয়েছিল। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫৮৮টি নমুনা পরীক্ষা করে এক হাজার ১৮১ জন শনাক্ত হয়।
মারা যাওয়া ৩০ জনের মধ্যে ১৯ পুরুষ, আর ১১ জন নারী। এদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে হাসপাতালে। সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয় ঢাকায়।
-জেডসি
