গাজায় ১২ দিনে ৭২ শিশুর প্রাণহানি !
প্রকাশিত : ০৪:৫০ পিএম, ২০ জুলাই ২০১৪ রবিবার | আপডেট: ০৪:৫১ পিএম, ২০ জুলাই ২০১৪ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম ঢাকা: জ্বলছে গাজা যাচ্ছে প্রাণ। আজ ১২তম দিনেও প্রাণ হানির অবসান নেই। এদিকে, ইসরায়েলি হামলার ১২তম দিনে গতকাল শনিবার গাজায় অন্তত ৪১ জন নিহত হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ শিশুসহ ৩৩৭ জনে। এ অবস্থায় গতকাল মধ্যপ্রাচ্যে গেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। খবর :এএফপি, রয়টার্স, গার্ডিয়ান ও বিবিসি অনলাইন।
১২ দিনে লাশ হলো ৭২ শিশু। গত ৮ জুলাই ইসরায়েলের হামলা শুরুর পর গত ১২ দিনে গাজা উপত্যকায় অন্তত ৭২ শিশুর মৃত্যু হয়েছে। গতকালই একটি পরিবারের ছয় ও দুই বছর বয়সী দুটি শিশু নিহত হয়েছে। ইসলামপন্থি কট্টর রাজনৈতিক গোষ্ঠী হামাসকে সমূলে বিনাশের নামে অপারেশন প্রটেক্টিভ এজ নামের সামরিক অভিযান শুরু করেছিল ইসরায়েল। হামাস সদস্যদের বিনাশের নামে তারা নির্বিচারে সাধারণ মানুষের বসতিতে হামলা চালিয়েছে। রাত-দিন ঘনবসতিপূর্ণ এলাকাগুলোয় বিমান হামলা চালিয়ে রক্তের স্রোত বইয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।
এ পর্যন্ত তাদের হামলায় গাজায় নিহত হয়েছে ৩৩৭ জন। শুধু শুক্রবার রাতেই উত্তরাঞ্চলীয় গাজার খান ইউনিস ও বেইত হানুন এলাকায় নিহত হয়েছে কমপক্ষে ২০ জন। তাদের মধ্যে ১৫ জনই বেসামরিক ব্যক্তি। একটি মসজিদের বাইরে বিমান হামলায় নিহত হয় ৭ জন। এ ছাড়া গতকাল বেইত হানুন এলাকায় দুটি বিমান হামলায় একই পরিবারের ছয় ও দুই বছর বয়সী দুই কন্যাশিশুসহ ৪ সদস্য এবং অন্যত্র এক ব্যক্তি নিহত হয়েছেন। দের আল বালাহ এলাকায় ২৫ বছর বয়সী এক তরুণী নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যে গাজায় ইসরায়েলি হামলা ক্রমবৃদ্ধির পরিপ্রেক্ষিতে সংঘাত নিরসনের প্রচেষ্টা জোরদার করতে গতকাল মধ্যপ্রাচ্যে গেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। জাতিসংঘের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জেফরি ফেল্টম্যান নিরাপত্তা পরিষদকে জানান, সহিংসতা নিরসনে আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টাকে বেগবান করতে এ সফর করছেন বান কি মুন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজায় ওই রাতে ৩৭টি বিমান হামলা চালানো হয়েছে। কয়েকটি বাড়িতেও অভিযান চালানো হয়েছে। অন্যদিকে, গতকাল হামাসের রকেট হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে এক বেদুইন নিহত ও তার পরিবারের দুই নারী ও দুই শিশু আহত হয়েছে। এ নিয়ে ১২ দিনে ইসরায়েলে দুই বেসামরিক ব্যক্তি ও সেনা নিহত হয়েছে।
২০.০৭.২০১৪ 