ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ১:০০:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গর্ভপাতকে বৈধতা দিল আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

লাতিন আমেরিকার বড় কোনো দেশ হিসেবে প্রথমবারের মতো গর্ভপাত বৈধতা দিলো আর্জেন্টিনা। এর ফলে ১৪ সপ্তাহে গর্ভবতীরা গর্ভপাত করাতে পারবে। যা স্পষ্টতই ওই অঞ্চলে ক্যাথলিক চার্চের জোরালো প্রভাব থেকে বের হয়ে আসার ইঙ্গিত। খবর আল জাজিরার।

আর্জেন্টিনার সিনেটে ভোটাভুটিতে ৩৮-২৯ ভোটে এই বিল পাস হয়। একজন অনুস্থিত ছিলেন। ওই বিলটি পাস করার আগে দীর্ঘ এক বিতর্ক অনুষ্ঠিত হয় পার্লামেন্টে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা থেকে ওই বিতর্ক শুরু হয়।

১২ ঘণ্টার ওই বিতর্ক চলাকালে হাজার হাজার মানুষ ন্যাশনাল কংগ্রেসের আশেপাশে জড়ো হয়। ভেতরে যখন এই বিতর্ক ও ভোটাভুটি চলছিল তখন বাইরে থাকা জনতা ‘হাসপাতালে গর্ভপাতকে বৈধতা দাও’ স্লোগান দিতে থাকে।

ভোটাভুটির পর অনেকেই উল্লাসে ফেটে পড়ে। ২৫ বছর বয়সী ভিভিয়ানা রিওস আলভারাদো তার বন্ধুকে জড়িয়ে ধরার পর বলেন, আমি এটা বিশ্বাস করতে পারছি না।

তিনি বলেন, এর জন্য আমাদের বা যাদের আমরা ভালোবাসি তাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। এটার জন্য অনেক সময় লেগেছে কিন্তু এখন এটা অন্যদের জন্য, আমাদের জন্য বৈধ হলো। এটা অবিশ্বাস্য।

এদিকে, এই বিলের বিরুদ্ধচারণকারী ব্যক্তিরাও কংগ্রেসের বাইরে জড়ো হয়। এসময় তারা বিলটি রুখে দেয়ার জন্য একটি মাস ও প্রার্থনাও করে।

উল্লেখ্য, গত ১ মার্চ পার্লামেন্টে প্রথম বার্ষিক ভাষণ প্রদানকালে আর্জেন্টিনার প্রেসিডেন্ট বলেছিলেন, রাষ্ট্রকে অবশ্যই নাগরিকদের, বিশেষ করে নারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এই একবিংশ শতকে নিজের শরীরের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যার যার পছন্দকে সম্মান জানাতে হবে। এটা স্পষ্ট যে অনেক নারী গর্ভপাতের পক্ষে। গর্ভপাতকে দণ্ডনীয় অপরাধ করার ফলে অনেক নারী, বিশেষ করে দুস্থ নারীরা লুকোছাপার মধ্য দিয়ে এটি করে থাকে, যা তাদের স্বাস্থ্য, কখনো কখনো জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়।

খবরে বলা হয়, রোমান ক্যাথোলিক ধর্মপ্রধান লাতিন আমেরিকার ২১ দেশের মধ্যে কেবল কিউবা ও উরুগুয়েতে গর্ভপাত বৈধ।

-জেডসি