করোনা: নববর্ষে ফ্রান্সে কারফিউ জারি
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৩৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে ফ্রান্সে নববর্ষের পার্টি রুখতে কারফিউ জারি করা হচ্ছে। এছাড়া দেশজুড়ে মোতায়েন করা হচ্ছে এক লাখ পুলিশ।
কোভিড-১৯ সংক্রমণ রোধেই এসব কঠোর ব্যবস্থা নিয়েছে ফরাসি সরকার। ফ্রান্সে থার্টিফাস্ট-নাইটে গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। এ ধরণের কার্যকলাপ রুখতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। প্যারিসে অর্ধেক রেলপথ বিকেলে বন্ধ থাকবে। এছাড়া দেশজুড়ে ব্যাপক মাত্রায় গণপরিবহন বন্ধ করতে ডারমানিন বিবেচনার অনুরোধ করেছেন। খবর বিবিসির।
যুক্তরাজ্যে পাওয়া করোনাভাইরাসের নতুন ধরন ফ্রান্সেও পাওয়া গেছে। তবে সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, এ মুহূর্তে স্থানীয়ভাবে লকডাউন আরোপের প্রয়োজন নেই। ফ্রান্সে এর আগে দু’বার লকডাউন দেয়া হয়েছিল। তবে বার, রেস্টুরেন্ট এবং সাংস্কৃতিক আকর্ষণের জায়গাগুলো জানুয়ারিতে বন্ধ থাকবে।
এক লাখ পুলিশ ও সশস্ত্র পুলিশ মোতায়েনের ব্যাপারটি ডারমানিন বৃহস্পতিবার ফ্রান্সের আঞ্চলিক নেতাদের লিখিতভাবে জানিয়েছেন।
আন্ডারগ্রাউন্ড পার্টির খবর পেলে তা তাৎক্ষণিকভাবে ভণ্ডুল করে দিতে, জরিমানা করতে ও আয়োজকদের চিহ্নিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
টহলধারী পুলিশদের নির্দেশ দেয়া হয়েছে যানবাহনের পরিচয় যাচাই করতে ও বিপজ্জনক কিছু আছে কিনা তা খোঁজ করতে। তরল দাহ্য পদার্থ ও মদ জাতীয় পানীয় বিক্রি না করতে দোকানগুলোকে অনুরোধ করেছেন ডারমানিন।
দেশটিতে মোট ২৬ লাখের বেশি করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যায় বিশ্বে পঞ্চম অবস্থানে আছে দেশটি। এছাড়া সেখানে করোনা সংক্রান্ত জটিলতায় মৃত্যু হয়েছে ৬৪ হাজারের বেশি।
-জেডসি
