ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৬:১৯:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বছরের শেষ দিনে করোনায় ২৮ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৯ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের দুর্বিষহ হয়ে ওঠা ২০২০ সালের শেষ দিনে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের প্রাণহানি হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৫৫৯ জন। শনাক্ত হয়েছে আরও এক হাজার ১৪ জন। এতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৩ হাজার ৫১০ জনে। এছাড়া গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও এক হাজার ৩৮৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে চার লাখ ৫৭ হাজার ৪৫৯ জন হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৮০টি ল্যাবে ১৩ হাজার ২৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ২০৪টি। এ পর্যন্ত দেশে মোট ৩২ লাখ ২৭ হাজার ৫৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন যে ২৮ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২১ জন ও নারী সাতজন। এ পর্যন্ত পুরুষ মারা গেছেন পাঁচ হাজার ৭৫৪ জন ও নারী এক হাজার ৮০৫ জন। এছাড়া গত একদিনে মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন ও ষাটোর্ধ্ব ১৮ জন রয়েছেন।

গত একদিনে মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন, বরিশাল বিভাগে একজন, রংপুর বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন। এছাড়া হাসপাতালে মারা গেছেন ২৬ জন ও বাড়িতে দুইজন।

প্রসঙ্গত, দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর আসে।

-জেডসি