নির্ধারিত সময়েই কারোনার টিকা দেশে আসবে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:২২ পিএম, ৪ জানুয়ারি ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
ভারত থেকে সঠিক সময়েই বাংলাদেশ করোনার টিকা পাবে বলে আশাবাদ ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়েই ভারত থেকে বাংলাদেশ করোনার টিকা আসবে, চুক্তির কোনো ব্যত্যয় হবে না।
সোমবার (০৪ জানুয়ারি) সচিবালয়ে করোনার ভ্যাকসিন নিয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিনের সম্পর্ক থাকায় ভারত থেকে সঠিক সময়ে করোনাভাইরাসের ভ্যাকসিন পাবে বাংলাদেশ। চুক্তির কোনো ব্যত্যয় ঘটবে না।
আগামী মাসের শুরুতে সিরাম ইনস্টিটিউটের কাছ থেকেই বাংলাদেশের ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা ছিল। টিকার জন্য অগ্রিম হিসেবে ৬০০ কোটি টাকা সিরামের অ্যাকাউন্টে গতকাল রবিবার জমাও দেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু পরদিনই টিকা রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার খবর আসে।
দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিরামের সঙ্গে যে চুক্তি হয়েছে তা ব্যাহত হবে না, ভ্যাকসিন পাওয়া যাবে। আমরা যোগাযোগ রাখছি। যে চুক্তি হয়েছে তা একটি আন্তর্জাতিক চুক্তি, তা মানার একটা বাধ্যবাধকতা আছে।
প্রসঙ্গত, ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের টিকাটি ভারতে উৎপাদনের দায়িত্ব পেয়েছে সেরাম ইনস্টিটিউট। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে ছয় মাসে এই টিকা পাবে বাংলাদেশ। সরকার বিনামূল্যে এই টিকা দেবে। পাশাপাশি বেক্সিমকো বেসরকারিভাবেও ৩০ লাখ টিকা আনবে এবং প্রতি ডোজের দাম পড়বে ১ হাজার ২০০ টাকা।
কয়েকমাসের জন্য রপ্তানি নিষেধাজ্ঞা দিয়ে রবিবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকার অনুমোদন দেয় ভারত। বিশ্বের সর্ববৃহৎ এই টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানের উন্নয়নশীল দেশগুলোর জন্য ১০০ কোটি ডোজ টিকা সরবরাহের কথা। কিন্তু ভারতের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশসহ গরিব দেশগুলোকে খুব সম্ভবত এই টিকা পেতে আরও কয়েক মাস দেরি হতে পারে।
-জেডসি
