করোনা ভ্যাকসিন দেয়া হবে ৪টি হাসপাতাল থেকে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৪৮ পিএম, ২০ জানুয়ারি ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
ভারতের দেওয়া উপহারের ২০ লাখ করোনাভাইরাসের ভ্যাকসিন আগামীকাল দেশে আসছে জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো: আবদুল মান্নান বলেছেন, ঢাকার চারটি হাসপাতালে প্রথম দফায় করোনাভাইরাসের টিকা দেয়া হবে।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
আবদুল মান্নান বলেন, টিকার কার্যক্রম শুরু হবে ঢাকার কুর্মিটোলা হাসপাতাল থেকে। এরপরে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হবে। এভাবে একযোগে সারা দেশে টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে।
স্বাস্থ্য সচিব আরো জানান, আগামীকাল দুপুরে ভারতের দেয়া উপহারের ২০ লাখ ভ্যাকসিন আসবে। আর ২৫ জানুয়ারি আসবে ৫০ লাখ ক্রয়কৃত ভ্যাকসিন। এসব টিকা তেজগাঁয়ের ইপিআই সংরক্ষণাগারে রাখা হবে।
তিনি বলেন, প্রথম মাসে ৬০ লাখ টিকা দেয়া হবে। পরের মাসে দেয়া হবে ৫০ লাখ। তৃতীয় মাসে আবার ৬০ লাখ টিকা দেয়া হবে। প্রথম মাসে যারা টিকা নেবেন, তারা তৃতীয় মাসে আবার দ্বিতীয় ডোজ নেবেন।
তবে কবে থেকে টিকা দেয়া শুরু হবে, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারণ করে দেবেন বলে তিনি জানান।
এর আগে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: এবিএম খুরশীদ আলম সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে টিকার প্রথম ডোজ দেয়া হবে। আগে ২৫ লাখের কথা বলা হলেও এখন ৫০ লাখ মানুষকে প্রথম ডোজ দেয়া হবে।
টিকার জন্য নিবন্ধন শুরু হবে ২৬ জানুয়ারি থেকে বলে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে।
অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকাটি তৈরি করছে ভারতের সিরাম ইন্সটিটিউট। বাংলাদেশ সেই প্রতিষ্ঠান থেকে তিন কোটি ডোজ টিকা কেনার জন্য চুক্তি করেছে।
-জেডসি
