এখন সময় জুতা-স্যান্ডেল কেনার
প্রকাশিত : ০২:৩৯ পিএম, ২৪ জুলাই ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৪৪ পিএম, ২৪ জুলাই ২০১৪ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা:
'পাখি থ্রিপিসে'র পাশাপাশি এবার ঈদে নারীদের জন্য নতুন চমক 'মুন্নী জুতা'। দুই ফিতার এই জুতায় থাকছে পাথর ও পুঁতির কাজ। পোশাকের সঙ্গে মিলিয়ে নির্দিষ্ট একটি রঙের অথবা বিভিন্ন রঙের মিশেল এই জুতা নারী ক্রেতারা কিনছেন বেশ আগ্রহ নিয়ে।
বিক্রেতারা জানালেন, এবার ঈদে নতুন এই জুতা চলছে বেশ। জুতাটি ডিজাইনের উপর নির্ভর করে প্রতি জোড়া পনেরশ' থেকে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
জামা কাপড়ের সঙ্গে সবচেয়ে প্রধান অনুসঙ্গ যেহেতু জুতা-স্যান্ডেল, তাই ঈদের কেনাকাটার শেষ পর্যায়ে এখন চলছে পছন্দ মতো জুতা কেনার পালা। পছন্দমাফিক জুতা কিনতে ক্রেতারা ভিড় করছেন রাজধানীর এলিফ্যান্ট রোডসহ বিভিন্ন মার্কেটে। ফলে ঈদের মাত্র চার/পাঁচদিন আগে ক্রেতার ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে বিক্রেতাদেরকে।
বাটা, ইপসি, লিবার্টি সহ ব্র্যান্ডের দোকানগুলোতে ক্রেতার পদচারনায় তিল ধারণের জায়গা নেই। শুধু ব্র্যান্ড নয় রাজধানীর আড়ং, ইস্টার্ণ প্লাজা, বসুন্ধরা সিটি, রাপা প্লাজা, মেট্রো শপিং সেন্টার, ইস্টার্ণ মল্লিকা. টুইন টাওয়ার, কর্ণফুলী গার্ডেন সিটি, সীমান্ত স্কোয়ার, অরচার্ড পয়েন্টের জুতার বিক্রেতারা জানিয়েছেন আগামী কয়েক দিন ভিড় আরো বাড়বে। এই ভিড় থাকবে ঈদের আগের দিন শেষ রাত পর্যন্ত।
এলিফ্যান্ট রোডের মাসকো,সালমান,মেলোডি,আফজাল,ম্যানিলা,রিসেন্ট, রিলায়েন্স সুজসহ বেশ কিছু জুতার দোকান ঘুরে দেখা গেছে ক্রেতারা তাদের পছন্দমত জুতা-স্যান্ডেল কিনতে ব্যস্ত। থাইল্যান্ড, চায়না, কোরিয়া, সিঙ্গাপুর ও ইতালী থেকে আসা আধুনিক ও রুচিশীল ডিজাইনের স্যান্ডেলগুলোর চাহিদা ক্রেতাদের মধ্যে বেশি বলে জানান কয়েকজন জুতা ব্যবসায়ি।
এলিফ্যান্ট রোডের এলাকার চৌরঙ্গি মার্কেটের বাফেলো, আসলাম, অনন্যাসহ বেশ কিছু দোকান ঘুরে দেখা গেছে নানান রঙের মেয়েদের সেন্ডেলের সমারহ। এমন কোন রং নেই যে রঙের স্যান্ডেল নেই। এবার বড় বড় পাথর,চুমকি, পুতির কাজ করা মুন্নী জুতার পাশাপাশি হাল ফ্যাশনের জুতার চাহিদাও রয়েছে বলে জানালেন বিক্রেতারা। এছাড়া পেন্সিল হিল তো আছেই। এসব মার্কেটে মেয়েদের আধুনিক ডিজাইনের স্যান্ডেল পাওয়া যাচ্ছে ৫শ থেকে ৩ হাজার টাকায়।
দেশীয় চামড়ার হাতে তৈরি স্যান্ডেল-জুতা পাওয়া যাচ্ছে আড়ং, মায়াসির, কাভা কাভা, অরণ্য, যাত্রা, মেলা ও কুমুদিনির রাজধানীর বিভিন্ন এলাকার শো রুমগুলোতে। দাম ৮শ থেকে ১০ হাজার টাকা। উচ্চবিত্ত শ্রেণীর ক্রেতাদের জন্য বিদেশী উন্নত মান ও ব্র্যান্ড স্যান্ডেল পাওয়া যাচ্ছে আলমাস, প্রিয় এবং শর্পাস ওয়াল্ডে। গুলশান ১নং মার্কেটে বিদেশী এবং গুলশান ২নং মার্কেটে দেশীয় আধুনিক ডিজাইনের অরিজিনাল লেদারের জুতা-স্যান্ডেল পাওয়া যাচ্ছে। এছাড়া ২নং মার্কেটের দোকানগুলোতে নিজের পছন্দমত ডিজাইনের জুতা-স্যান্ডেল তৈরির জন্য অর্ডারও দেওয়া যায়।
২৪.০৭.২০১৪ 