গার্ল সামিট শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০৩:১৩ পিএম, ২৪ জুলাই ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৪২ পিএম, ২৪ জুলাই ২০১৪ বৃহস্পতিবার
ডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা: যুক্তরাজ্যে অনুষ্ঠিত গার্ল সামিটে অংশগ্রহণ শেষে আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে বাংলাদেশ বিমানের 'রাঙা প্রভাত' উড়োজাহাজে যাত্রীদের চমকেও দেন তিনি। এই উড়োজাহাজে করেই দেশে ফিরেন প্রধানমন্ত্রী। হঠাৎই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বিজনেস ক্লাসের আসন থেকে ইকোনমি ক্লাসের যাত্রীদের মাঝে চলে আসেন। তাঁদের সঙ্গে কুশল বিনিময় ও শিশুদের আদর করেন তিনি। এসময় প্রধানমন্ত্রী কয়েকজন নারী যাত্রীর হাত ধরে তাদের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীকে এভাবে কাছে পেয়ে ছবি তোলার সুযোগটি হাতছাড়া করেননি যাত্রীরা। অনেকেই তাঁর সঙ্গে ছবি তোলেন। যাত্রীরা তাঁকে এত কাছ থেকে দেখার সুযোগ পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন। লন্ডন থেকে আসা এই ফ্লাইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীরা ছাড়াও তিনশ' ২০ যাত্রী ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেকের আমন্ত্রণে প্রথমবারের মতো যুক্তরাজ্যে অনুষ্ঠিত গার্ল সামিটে যোগদান শেষে আজ বৃহস্পতিবার দেশে ফেরেন। ২৪.০৭.২০১৪ 