ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১১:৩৭:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইউরোপে স্বামী পরিত্যক্তা ভাতা নেই, বাংলাদেশে আছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ৩১ জানুয়ারি ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউরোপে স্বামী পরিত্যক্তা ভাতা না থাকলেও বাংলাদেশে আছে বলে জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে স্বামী পরিত্যক্তা ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ নানা ধরনের ভাতা প্রদান করা হচ্ছে। ইউরোপে স্বামী পরিত্যাক্তা ভাতা নাই। যদি কোনো স্ত্রীকে স্বামী ডিভোর্স দেয়, কোনো ভাতা পায় না। কিন্তু বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বামী পরিত্যক্তা ভাতা চালু করেছেন।

আজ রবিবার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আজ ১ কোটি ২৫ লাখ মানুষ নানা ধরনের ভাতা পাচ্ছে। এই করোনাকালে কেউ আশা করেনি মোবাইল ফোনে টাকা পাবে। কিন্তু টাকা চলে গেছে। আমাদের আশপাশে শ্রীলংকা, ভারত, নেপাল, পাকিস্তান- কোনো দেশে এই সহায়তা দেয়া হয়নি।

তিনি বলেন, সংগ্রামে-উন্নয়নে একটি নাম, তিনি হলেন জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে আজকে আমরা সংকট পাড়ি দিয়েছি।

বাংলাদেশ সঙ্কট মোকাবিলায় নিজেকে উদাহরণ হিসেবে দাঁড় করাতে সক্ষম হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‌করোনার শুরুতে যারা শঙ্কা প্রকাশ করেছিল, পত্রিকায় বিবৃতি দিয়েছিল, টেলিভিশনের পর্দা গরম করেছিল যে হাজার হাজার লাশ পড়ে থাকবে, অনাহারে হাজার হাজার মানুষ মারা যাবে, তাদের সেই শঙ্কাকে ভুল প্রমাণিত করে শেখ হাসিনার নেতৃত্ব সঙ্কট কিভাবে মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে হয়; তার উদাহরণ হিসেবে নিজেকে উপস্থাপন করতে সক্ষম হয়েছে।

-জেডসি