ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ৮:০৪:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্যাপক তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে বিপর্যস্ত জনজীবন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৭ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের নিউইয়র্ক, নিউ জার্সি ও কানেটিকাট অঙ্গরাজ্যে ঘণ্টায় তিন ইঞ্চি করে তুষারপাত হচ্ছে। বহু ফ্লাইট বাতিলসহ অনেকগুলো টিকাদান কেন্দ্র বন্ধ রাখতে হয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

স্থানীয় সময় সোমবার বিকালের মধ্যে নিউইয়র্ক শহরে ৪৩ সেন্টিমিটার, নিউ জার্সি ও পেনসিলভেইনিয়াতে ৪৮ সেন্টিমিটার তুষারপাত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

তিনটি অঙ্গরাজ্যেই আবহাওয়াজনিত জরুরি অবস্থা জারি রয়েছে। লোকজন কার্যত ঘরবন্দী হয়ে আছেন। ঘণ্টায় ঘণ্টায় বরফের স্তূপ উঁচু হচ্ছে। সড়কে লোকজন নেই, নেই যানবাহন। তবে জরুরি বিভাগ ও বরফ পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত গাড়ি চলতে দেখা যাচ্ছে।

তুষারপাতের সঙ্গে ৪০ থেকে ৫০ মাইল বেগে দমকা হাওয়া বইছে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে। আগামী সপ্তাহ নাগাদ তাপমাত্রা কিছুটা বাড়লেও তা হিমাঙ্কের কাছাকাছি থাকবে বলে আবহাওয়া বার্তায় বলা হচ্ছে। নিউইয়র্কের ট্যাক্সি ও লিমোজিন কমিশনের এক বার্তায় মঙ্গলবার পর্যন্ত জনপরিবহন বন্ধ রাখার কথা বলা হয়েছে।

বরফ গলে গিয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সমুদ্রতীরবর্তী এলাকার লোকজনকে সতর্ক করে দেওয়া হয়েছে। তিন অঙ্গরাজ্যের অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ বিভাগে ফোন করা হলে সেখান থেকে জানানো হচ্ছে, অপেক্ষার পালা দীর্ঘ হবে।

অধিকাংশ লোকজনই সপ্তাহের খাবার মজুত রেখেছেন। দোকানপাট সব বন্ধ। তিন অঙ্গরাজ্যে জরুরি কাজে বাইরে বেরিয়ে কেউ কেউ দুর্ঘটনায় পড়ছেন। ফলে হাসপাতালের জরুরি বিভাগে দুর্ঘটনায় আহত লোকজন দেখা যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, মঙ্গলবার ঝড়টি দুর্বল হওয়ার আগে সরতে সরতে নিউ ইংল্যান্ড পর্যন্ত যেতে পারে, কিন্তু তারপরও আরও কয়েকদিন ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ তীব্র তুষারঝড় তৈরি হতে পারে।

এদিকে, ঝড়ের পথ বরাবর বড় বিমানবন্দরগুলোর এক হাজার ৬০০টিরও বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে। এসব বিমানবন্দরের মধ্যে নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর, জন এফ কেনেডি বিমানবন্দর ও ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। সোমবার সকাল পর্যন্ত নিউ ইয়র্কের গুয়ার্ডিয়া বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত ছিল।

-জেডসি